
মৃত্যুদিনে জীবনানন্দ দাশকে স্মরণ করল উদীচী। কবিদের কোনো ঘরানা বা বলয়ে আবদ্ধ করে রাখার চেষ্টা দেখা যায় হরহামেশাই। জীবনানন্দ যেন নিজের মতো করেই গড়ে তুললেন তাঁর কাব্যসাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের বিস্তার ঘটতে থাকল পরবর্তী সময়ে। উত্তরযুগের কবিতায় জীবনানন্দ এতটাই মিলেমিশে রইলেন যে তাঁকে এড়ানো গেল না কিছুতেই। ২২ অক্টোবর কবির মৃত্যুদিবসে অনুষ্ঠানটি হয়ে উঠল মনে রাখার মতো।
উদীচী তাদের ঘরোয়া অনুষ্ঠানটি করেছে তোপখানা রোডের সংগঠন কার্যালয়ে জীবনানন্দ দাশের প্রতিকৃতি সামনে রেখে। পরিসর ছোট, কিন্তু তার ব্যপ্তি অনেক—থাকল কবিকে নিয়ে আলোচনা, সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি, গান পরিবেশনা। সংগঠনের সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতিতে নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ ছিল ‘জীবনানন্দ দাস স্মরণ অনুষ্ঠান’।
শুরুতে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি গাইলেন উপস্থিত সবাই। এরপর শুভেচ্ছা বক্তব্য দিলেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এরপর চন্দ্র তাপসের আবৃত্তি। জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম নিয়ে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তর লেখা প্রবন্ধ পাঠ করেন কংকন নাগ। একক আবৃত্তি ছিল শিখা সেনগুপ্তা ও রিপন আচার্য শিশিরের।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি বিমল মজুমদার। মূল আলোচক অধ্যাপক রতন সিদ্দিকী। এ ছাড়া আলোচনায় অংশ নেন প্রগতি লেখক সংঘ, জাপানের সম্পাদক নাওমি ওয়াতানাবে, অধ্যাপক এ এন রাশেদাসহ উদীচী ঢাকা মহানগর ও কেন্দ্রীয় সংসদের অনেকেই।
আলোচনায় উঠে এল জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মের নানা দিক। ছোটবেলায় মায়ের অনুপ্রেরণায় কাব্যচর্চায় হাতে খড়ি, যুবক বয়সে প্রতিভা বিকাশের বিষয়, কীভাবে প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখার মাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কবির খ্যাত—এসব নিয়েই ছিল আলোচনা। বক্তারা আবারও বললেন পুরোনো কথাটি—বিশেষ ধরনের গদ্য ভাষারীতি ও সহজবোধ্য লেখনশৈলীর মাধ্যমে বিদগ্ধ মহলসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন জীবনানন্দ দাশ। বর্তমান প্রজন্মের সাহিত্যিকদের আরও বেশি করে জীবনানন্দের চর্চা করা উচিত বলেও আলোচনা সভায় মত প্রকাশ করেন অনুষ্ঠানের আলোচকেরা।
আলোচনার পর ছিল মামুনুর রশীদের আবৃত্তি। শেষে সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।