মৃত্যুর কাছ থেকে ফিরে এলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের রিসোর্টে রুনা খান
নেপালের রিসোর্টে রুনা খান

ভয়াবহ ভূমিকম্পের সময় নাটকের শুটিংয়ে নেপালের নাগরকোটে ছিলেন অভিনয়শিল্পী রুনা খান। তিনি লিখেছেন সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা
তিনটি নাটকের শুটিং করতে নেপাল যাই ২০ এপ্রিল। দলে ছিলেন নির্মাতা যুবরাজ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, শাহাদাত হোসেন, নমিরা, ক্যামেরাম্যান আরমান হোসেন ও আমি। ২৫ এপ্রিল কাঠমান্ডু থেকে আমরা নাগরকোটে পৌঁছাই। পরিকল্পনা ছিল সারা দিন নাগরকোটে শুটিং করে সন্ধ্যা নাগাদ কাঠমান্ডু ফিরব। উঠি ক্লাব হিমালয় রিসোর্টে। পাহাড়ের ওপরে রিসোর্টটা। সাড়ে ১১টার দিকে শুটিং শুরু হলে পোশাক পরিবর্তনের জন্য রিসোর্টের ভেতরে যাই। সেখানে থাকতেই জোরে চিৎকার শুনি। সঙ্গে তীব্র ঝাঁকুনি। আমাকে দ্রুত ঘর থেকে বের করে নিয়ে আসেন শাহাদাত হোসেন। আমরা খোলা জায়গায় দাঁড়িয়ে তীব্র ঝাঁকুনি টের পাই। থামার পর চারপাশে তাকিয়ে দেখি সব লন্ডভন্ড।
একটু আগে দাঁড়িয়ে থাকা ভবন নিমেষেই ভেঙে চুরমার। টের পাই পাহাড় থেকে পড়ে গিয়ে হাত কেটে গেছে, পা মচকে যায়। প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে পড়ি। কাঠমান্ডু ফেরার জন্য গাড়িতে উঠি। মুঠোফোন নেটওয়ার্কবিহীন। ভাঙাচোরা রাস্তা দিয়ে সোয়া ঘণ্টার রাস্তা পাঁচ ঘণ্টায় পাড়ি দিয়ে কাঠমান্ডু পৌঁছাই।
চোখে পড়ে চারপাশের ঐতিহ্যবাহী স্থাপনা, ভবন, রাস্তাসহ সবকিছু ভেঙে চুরমার। কাঠমান্ডু পৌঁছে চিকিৎসকের কাছে যাই। কাঠমান্ডু শহর তখন অন্ধকারে। রাতে হোটেল র্যাডিসনের পাশে খোলা জায়গায় আশ্রয় নিই সবাই। দেশে যোগাযোগ হলে আমার স্বামী নেপালে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। র্যাডিসন থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসেন দূতাবাসের কর্মকর্তারা।
পরদিন রাত সাড়ে ১২টার দিকে আমরা দেশে আসার প্রস্তুতি নিই। গাড়িতে উঠতেই পুরো কাঠমান্ডু কেঁপে ওঠে। আমাদের চোখের সামনে সাততলা ভবনটি ফেঁটে চৌচির হয়ে যায়। চারপাশে চিৎকার-চেঁচামেচি। আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মেয়ে রাজেশ্বরীর মুখ। বিমানবন্দরে পৌঁছাই। প্লেনে ওঠার পর মনে হয় মৃত্যুর কাছ থেকে ফিরে এলাম। ২৬ তারিখ রাত আড়াইটায় নামি শাহজালাল বিমানবন্দরে। শেষ বেলায় একটি কথা বলতে হবে, ওই দুযোর্গের সময় নেপালে শুটিং ইউনিটের সহকর্মীরা বরাবরই আগলে রেখেছেন আমাকে। এখানে একজনের নাম বলতেই হবে—আমাদের ইউনিটের কমল চৌধুরী। এছাড়া বিশেষভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত। তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।