মৃত্যুর দাগ মুছে দিতে শিল্পকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মর্টার শেলের ওপর  আকরামের করা অ্যারাবেস্ক
মর্টার শেলের ওপর আকরামের করা অ্যারাবেস্ক

সিরিয়ার দামাস্কাসের কাছের একটি শহর দুমা। শহরটির উপকণ্ঠে এখন প্রতিদিন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে বুলেট শেল, কার্তুজ, গ্রেনেড ও যুদ্ধের পরিত্যক্ত জিনিস। মর্টার শেল আর বোমা হামলায় বাড়িগুলো এখন ধ্বংসস্তূপ। মৃত্যু ও রক্তের দাগ এখনো লেপ্টে আছে সেখানে। এই দাগ মুছে দিতে মারণাস্ত্র দিয়েই শিল্পকর্ম বানানোর চিন্তা আসে সিরিয়ার নাগরিক আকরাম আবু আল-ফৌজের।

শিল্পকর্ম নিয়ে আকরাম আবু আল-ফৌজ
শিল্পকর্ম নিয়ে আকরাম আবু আল-ফৌজ

দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধের ধ্বংসলীলা দেখতে দেখতে সেখানকার মানুষের চোখ অভ্যস্ত হয়ে গেছে। বীভৎসতার যেন শেষ নেই। আকরাম বলেন, ‘জানেন, প্রথম যেদিন বোমার খোলের ওপর নকশা করতে বসেছিলাম, মনে হয়েছিল, এই বস্তুটা এখন ধ্বংস করার ক্ষমতা হারিয়েছে! চেহারা বদলে যদি এটাকে খেলনা বা ঘর সাজানোর জিনিস হিসেবে বাড়িতে রাখতে পারি, তাহলে বাচ্চাদের হয়তো ওটার বীভৎসতা সম্পর্কে ভয় কেটে যাবে! বাস্তবের মোকাবিলা করতে পারবে সহজেই।’
আকরাম তাঁর শিল্পকর্মে সিরিয়ার ঐতিহ্যবাহী নকশাশিল্প (অ্যারাবেস্ক) ফুটিয়ে তুলেছেন। লাইন ও বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি করা হয়েছে শিল্পকর্মগুলো। ইতিমধ্যে তিনি বেশ কিছু শিল্পকর্ম তৈরি করেছেন। তার মধ্যে রাওয়াধ আল মসজিদের মডেল অন্যতম। যে মর্টার শেল দেখে আগে শিশুরা ভয় পেত, সেগুলো নিয়ে এখন তারা খেলছে।
কীভাবে এ কাজ করেন তিনি?
আকরাম বলেন, যে বোমাগুলো ফেলা হয় তার অনেকগুলো ফাটে, কিছু ফাটে না। যেগুলো ফাটে, সেগুলোর খোল কুড়িয়ে নেন তিনি। আর যেগুলো ফাটে না, সেগুলো স্থানীয় নিরাপত্তারক্ষী বাহিনীর কাছে নিয়ে যান। তারা ভেতর থেকে বিস্ফোরকটা বের করে আকরামকে খোলটা দিয়ে দেয়। তিনি সেগুলোর ওপর আঁকতে শুরু করেন।
আকরাম শিল্পকর্মগুলোর নাম দিয়েছেন ‘মৃত্যুর ওপর নকশা’। তিনি বলেন, মানুষ হত্যা করতেই এই মারণাস্ত্রগুলো তৈরি হয়েছে। তাঁর কাজ হলো, এগুলো যে উদ্দেশ্যে তৈরি, সেই উদ্দেশ্যটাকেই বদলে দেওয়া।
মর্টার শেল ও বুলেটের ওপরে নকশা করে সিরিয়ার স্বাধীনতাকে নতুন করে জাগাতে চান এই শিল্পী। তাঁর মতে, সংস্কৃতি, শিল্প ও সভ্যতা মাঠের যুদ্ধের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। সিরিয়া আনটোল্ড অবলম্বনে।