মৃত্যুর শঙ্কায় ছিলেন জ্যাকসন!
মঞ্চে তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে—মৃত্যুর আগে এমন আশঙ্কা করেছিলেন ‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসন। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য সান’। এ প্রসঙ্গে জ্যাকসনের বন্ধু জেসন পিফার জানিয়েছেন, ‘জ্যাকসনের সঙ্গে শেষ সাক্ষাতের সময় মনে হচ্ছিল তিনি যেন বুঝতে পেরেছেন আর কখনোই ফিরবেন না তিনি। অফিসের সবার কাছ থেকে বিদায় নিতে দেখলাম তাঁকে। এর আগে প্রায়ই তিনি বলতেন, মঞ্চে কেউ তাঁকে গুলি করে হত্যা করতে পারে।’২০০৯ সালে দিস ইজ ইট কনসার্টের মাধ্যমে আবারও ফিরতে চেয়েছিলেন জ্যাকসন। কনসার্টের স্থান হিসেবে লন্ডনকে বেছে নেওয়ার কারণও ছিল তাঁর সেই মৃত্যু আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্টের প্রস্তাব পেলেও সেটা ফিরিয়ে দিয়েছিলেন জ্যাকসন। কারণ যুক্তরাষ্ট্র তাঁর কাছে অনেক বেশি বিপজ্জনক মনে হয়েছিল। দেশটির অনেক মানুষেরই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি আছে।অন্যদিকে যুক্তরাজ্যে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কড়া হওয়ায় দেশটিকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করেছিলেন জ্যাকসন। তারপরও মৃত্যুর আশঙ্কা মন থেকে সরাতে পারেননি তিনি। লন্ডনের ওটু এরিনায় কনসার্টের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরও তিনি মনে করতেন, মঞ্চে গুলি করে হত্যা করা হতে পারে তাঁকে।