মৃত্যুর ৪০ বছর পর হেনড্রিক্সের নতুন অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গিটারবাদক জিমি হেনড্রিক্সের মৃত্যুর ৪০ বছর পর তাঁর অপ্রকাশিত গানের একটি নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। হেনড্রিক্সের ১২টি অপ্রকাশিত গান দিয়ে সাজানো হয়েছে ‘পিপল, হেল অ্যান্ড অ্যাঞ্জেলস’ অ্যালবামটি। ১৯৬৮ থেকে ১৯৭০ সালের মধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন করেছিলেন জিমি হেনড্রিক্স। ১৯৭০ সালের সেপ্টেম্বরে মাত্র ২৭ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুর কারণে গানগুলো আর আলোর মুখ দেখেনি। গানগুলোর বেশ কয়েকটির রেকর্ডিং হয়েছিল নিউইয়র্কের রেকর্ড প্ল্যান্ট স্টুডিওতে। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে পিটিআই।এ প্রসঙ্গে জিমিহেনড্রিক্সডটকম ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্পূর্ণ নতুন ধারার এসব গানের সংগীতায়োজনেও ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করেছিলেন জিমি হেনড্রিক্স। গানগুলোর রেকর্ডিংয়ের সময় গিটারের পাশাপাশি কিবোর্ড, পারকাশন এবং হর্নস ব্যবহার করা হয়েছে।’ গানগুলোর সংগ্রাহক এবং কয়েকজন সংগীত প্রযোজকের আন্তরিক প্রচেষ্টার কারণেই হেনড্রিক্সের মৃত্যুর এত বছর পর গানগুলো আলোর মুখ দেখছে।