মে দিবসে মুক্তি পাবে ওয়ার্নিং
সবকিছুই ঠিকঠাক, ৯ জানুয়ারি মুক্তি পাবে আরিফিন শুভ ও মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি। সারা দেশে সেভাবে প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হঠাৎ করেই পাল্টে যায় সব হিসেব-নিকেশ। পিছিয়ে দিতে হয় ‘ওয়ার্নিং’ ছবির মুক্তির তারিখ। নতুন তারিখ ১ মে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক সাইফুল আলম খান।
সাইফুল বলেন, ‘আমরা কিন্তু ছবি মুক্তি দেওয়ার জন্য সবদিক থেকেই প্রস্তুত ছিলাম। সারা দেশে ব্যাপকভাবে প্রচারণাও চালিয়েছি। হঠাৎ করেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ছবি মুক্তি নিয়ে নতুন করে ভাবতে হলো। এদিকে সামনের মাসে আবার শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট খেলা। সে সময় দেশবাসীর মনোযোগ থাকবে খেলার দিকে। সে হিসেবে ফেব্রুয়ারি মাসটা মোটেও ছবি মুক্তির জন্য উপযুক্ত সময় নয়। আবার আমাদের চাহিদামতো দিন-তারিখ পাওয়াটা মুশকিল। সবকিছু বিবেচনায় আগামী ১ মে ছবিটি মুক্তির নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তত দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ করছি।’
‘ওয়ার্নিং’ ছবির মুক্তি উপলক্ষে এর মধ্যেই ব্যাপক আয়োজনে গানের অডিও সিডিও মুক্তি পেয়েছে। ‘ওয়ার্নিং’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আরিফিন শুভ। এ ছবি দিয়েই শুভ-মাহির নতুন বছর শুরু করার কথা ছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সেটা আর হলো না।
‘ওয়ার্নিং’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে দর্শকদের কাছে হাজির হওয়ার কথা ছিল আরিফিন শুভ ও মাহির। এই জুটি প্রথম অভিনয় করেন ‘অগ্নি’ ছবিতে।