মে মাসে ঢাকায় ‘রানওয়ে’
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ শুরুতেই তাঁদের রানওয়ে ছবিটির মুক্তি দেন ঢাকার বাইরে। তারেক মাসুদের মতে, ‘ঢাকার বাইরের দর্শকদের ছবিটি আগে দেখাতে চেয়েছি। এ কাজটি সফলভাবে করতে পেরেছি স্থানীয় বিভিন্ন চলচ্চিত্র সংসদের সহযোগিতার কারণে। বিভিন্ন জেলার দর্শকদের মতামত দেখে এখন পরিবেশক প্রতিষ্ঠান ঢাকায় ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছে।’জানালেন, আগামী মে মাসে ঢাকায় ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঢাকায় প্রেক্ষাগৃহে এবং বিভিন্ন মিলনায়তনে বাণিজ্যিকভাবে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হবে। একটি এলাকার দর্শকের যেন ছবিটি দেখার জন্য দূরে কোথাও যেতে না হয়, এই দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ঢাকার আগে ঢাকার কাছেই আজ সোমবার ও কাল মঙ্গলবার রানওয়ে ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে প্রতিদিন বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায়। রানওয়ের সঙ্গে আরও থাকছে শিল্পী এস এম সুলতানের ওপর নির্মিত তারেক মাসুদের তথ্যচিত্র আদম সুরত ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। শ্রুতিচিত্রের সহযোগিতায় যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ফিল্ম সোসাইটি। তারেক মাসুদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রদর্শনীগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছি। যেহেতু ঢাকায় মুক্তি পেতে এখনো অনেক সময় বাকি, তাই ঢাকার অনেক দর্শকই এখানে এসে ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এত সুন্দর নিরিবিলি পরিবেশে ছবি উপভোগ করার মজাটা ঢাকায় সম্ভব নয়।’