মেকআপ না করার শর্তে নায়িকা!

ভেনিস চলচ্চিত্র উৎসবে আ স্টার ইজ বর্ন-এর উদ্বোধনী প্রদর্শনীতে লেডি গাগা
ভেনিস চলচ্চিত্র উৎসবে আ স্টার ইজ বর্ন-এর উদ্বোধনী প্রদর্শনীতে লেডি গাগা

ভেনিস চলচ্চিত্র উৎসবে হয়ে গেল বছরের অন্যতম আলোচিত হলিউড ছবি ‘আ স্টার ইজ বর্ন’-এর উদ্বোধনী প্রদর্শনী। তারকাবহুল উদ্বোধনী প্রদর্শনীর আগে ছবির পরিচালক ও অভিনেতা ব্র্যাডলি কুপার এবং নায়িকা লেডি গাগা অংশ নিয়েছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে লেডি গাগা সাংবাদিকদের বলেন, ছবিতে তাঁকে নেওয়া হয় একটি শর্তে। আর সেটা হলো মেকআপ না করার শর্ত!

ব্র্যাডলি কুপার প্রথম যেদিন পরিচালক হিসেবে দেখা করতে আসেন লেডি গাগার সঙ্গে, সেদিনের কিছু স্মৃতি সাংবাদিকদের শোনান তাঁরা। লেডি গাগা বলেন, ‘ছবির স্ক্রিপ্ট আমার পছন্দ হয়েছিল। এটা জেনে ব্র্যাডলি আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি একটা গাউন পরে রানির মতো সেজেগুজে তাঁর সামনে যাই। সঙ্গে সঙ্গেই ব্র্যাডলি একটা রুমাল নিয়ে আমার মুখের মেকআপগুলো মুছতে শুরু করেন। আর বলেন যে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে পারলে তিনি আমার সঙ্গে কাজ করতে পারবেন। আমার কিছু করার ছিল না। গল্পটা আমার এত পছন্দ হয়েছিল যে মেকআপ না করার শর্তটা মানতেই হয়।’ গাগা আরও বলেন, ‘আমার পরিচালক আমার ওপর আস্থা রেখেই মেকআপ ছাড়া অভিনয়ের কথাটি বলেছেন। তাই আমিও তাঁর ওপর আস্থা রেখেই সব মেনে নিয়েছি। তিনি আমার ভেতরের শক্তি দেখতে পেয়েছিলেন বোধ হয়।’

অভিনেতা ও নির্মাতা ব্র্যাডলি কুপারও সেই দিনের অনেক ঘটনা সাংবাদিকদের শোনান। বলেন, প্রথম যেদিন গাগাকে মেকআপ ছাড়া দেখেছেন, সেদিনই নাকি ওই সংগীতশিল্পী ও অভিনেত্রীর চোখ আর হাসির প্রেমে পড়ে গিয়েছিলেন।

‘আ স্টার ইজ বর্ন’ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৯ অক্টোবর। ৭৫ তম ভেনিস চলচ্চিত্র উৎসবের আউট অব কম্পিটিশন (প্রতিযোগিতার বাইরে) বিভাগে হয় এর উদ্বোধনী প্রদর্শনী। ২৯ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্র: এন্টারটেইনমেন্ট টুনাইট।