মেকিং অব ‘দুটি মন একটি কথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাঁ চকচকে কালো বিএমডব্লিউ এসে থেমেছে খামারবাড়ির সদর দরজায়। দরজা খুলে সতর্ক অবস্থান নিলেন দুই দেহরক্ষী। গাড়ির কালো কাচ নামল। দেখা দিলেন নায়ক অনন্ত। সাভারের খামারবাড়ি ততক্ষণে ‘নায়ক’ দেখতে উৎসুক আবালবৃদ্ধবনিতার ভিড়ে সরগরম।লাইট, ক্যামেরা আগে থেকেই তৈরি।—‘মা, মা! আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি’ বলে অনন্ত ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরবেন মা খালেদা আখতার কল্পনাকে। তারপর খুশির চোটে ‘ইয়াহু’ বলে একটা লাফ। অনন্ত দৃশ্য বুঝে নিলেন পরিচালক রেদওয়ান রনির কাছ থেকে। কোনো রকম ঝুট-ঝামেলা ছাড়াই ধারণ হয়ে গেল ডিজিটাল প্যাকেজ ছবিদুটি মন একটি কথার প্রথম দৃশ্য।পরদিন বলতে গেলে মহাযজ্ঞ। পাজির পা ঝাড়া লাঠিয়াল বাহিনীর সঙ্গে নায়কের ঢিসুমঢুসুম আর নায়িকা বর্ষার কানামাছি খেলার দৃশ্য ধারণ। এফডিসির বিখ্যাত চুন্নু ফাইটিং গ্রুপ চলে এসেছে। নায়িকার সখীরাও হাজির সদলবলে। দুটি ট্রাক। তিনটি মাইক্রোবাস। সব মিলিয়ে বিশাল লটবহর। এদিকে বৃষ্টি নামি নামি করছে। সিনেমার শুটিং কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। কোনো কারণে শুটিং ভন্ডুল হয়ে যাওয়া মানে সাড়ে সর্বনাশ। মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের দিনও ঘনিয়ে এসেছে প্রায়। রনির কাছ থেকে ভরসা পাওয়ার চেষ্টা করছি। সে, ‘ভাই, টেনশন নাই। জিনিস ভালো হবে।’ বলে সেই যে সটকে পড়েছে, আর আমার কাছেপিঠে ঘেঁষছে না। আদতে অতি উৎকণ্ঠার কারণ ছিল না। পরিচালক রেদওয়ান রনি, আলোচিত জুটি অনন্ত-বর্ষা, চিত্রগ্রাহক খায়ের খন্দকারসহ পুরো দুটি মন একটি কথার টিম অক্লান্ত পরিশ্রম করল। রাত ১০টার দিকে মোটামুটি সিনেমার সিংহভাগ দৃশ্য ধারণ হয়ে গেল।পরদিন আলাদিনের চেরাগের দৃশ্য ধারণ। চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম নামের দুই জাত অভিনেতা টেনশন করার কোনো সুযোগই দিলেন না। সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দিল ‘আধুনিক দৈত্য’রূপী মুকিত জাকারিয়া। সংবাদ উপস্থাপকের চরিত্রটা এক টেকে ওকে করে ফেলল মৌসুমী হামিদ। ডাবিং শেষ হওয়ার পর বোঝা গেল, রেদওয়ান রনি তাঁর কথা রেখেছেন। ছয় সিকোয়েন্সের দুটি মন একটি কথা দাঁড়িয়েছে সত্যিই দুর্দান্ত!