মেগা সিরিয়াল নিয়ে ব্যস্ত দিতি

চলচ্চিত্রের অভিনয়শিল্পী দিতি। গত কয়েক বছর ধরে ছোটপর্দাতেও তাঁর সমান উপস্থিতি। সম্প্রতি শেষ করেছেন অনন্ত জলিল পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির কাজ। এ মুহূর্তে দিতির হাতে বেশ কয়েকটি মেগা সিরিয়ালের কাজও রয়েছে। তিনি এখন প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন মেগা সিরিয়ালের শুটিং নিয়ে।
দিতি জানিয়েছেন, ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির কাজ শেষ হয়েছে। খুব শিগগির আরও কিছু চলচ্চিত্রের কাজ শুরু করবেন তিনি। তবে বর্তমানে বেশ কয়েকটি মেগা সিরিয়ালের কাজ রয়েছে তাঁর হাতে। এ মুহূর্তে তিনি মাইনুল হাসান পরিচালিত ‘জীবনের গল্প’ মেগা সিরিয়ালে অভিনয় করছেন। সামনের সপ্তাহে ‘মায়ার খেলা’, ‘পালঙ্ক’সহ একসঙ্গে তিনটি মেগা সিরিয়ালের শুটিং শুরু করবেন তিনি।
সিরিয়ালে নিয়মিত হওয়ার কারণ জানতে চাইলে দিতি বলেন, ‘এখন এক পর্বের নাটক, টেলিফিল্মের চেয়ে সিরিয়ালের কাজ বেশি হচ্ছে। তাই সিরিয়ালেই কাজ করছি। আর সিরিয়ালেগুলোতে আমার চরিত্রেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে চলচ্চিত্রেই আমার আগ্রহ সবচেয়ে বেশি। তাই এই অঙ্গনে কাজ করছি অনেক যাচাই-বাছাই করে। যেসব ছবিতে আমার চরিত্রে গভীরতা পাচ্ছি, সেখানেই শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছি।’