মেগাডেথের থার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে যেসব থ্রাশ মেটাল এবং হেভি মেটাল ব্যান্ড গত শতাব্দীর আশির দশক থেকে আধিপত্য বিস্তার করে আসছে, তার মধ্যে ‘মেগাডেথ’ অন্যতম। মেটালভক্তদের কাছে মেগাডেথ নামক ব্যান্ডটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে যাঁরা অনেক দিন ধরে মেগাডেথের নতুন গান শোনেননি, তাঁদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, মেগাডেথের নতুন অ্যালবাম থার্টিন। ২০১১ সালের ১ নভেম্বর অ্যালবামটি বের হয়। আজ আমরা মেগাডেথ সম্পর্কে কিছু শুনব।১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে গিটারিস্ট ও ভোকালিস্ট ডেভ মাসটেইন, বেজিস্ট ডেভ এলেফসন এবং গিটারিস্ট গ্রেগ হ্যান্ডেভিড মিলে মেগাডেথ ব্যান্ডটি গঠন করেন। তাঁরা তখন থেকে থ্রাশ মেটাল ধারার গান করেন। মেগাডেথ গঠন করার কয়েক মাস আগেই ডেভ মাসটেইনকে মেটালিকা থেকে বের করে দেওয়া হয় বলে তার মধ্যে একটা আক্রোশ বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব কাজ করতে থাকে। এর ফলাফল অবশ্য শ্রোতাদের জন্য ভালো ছিল। কেননা, মেটালিকার সঙ্গে এমন প্রতিযোগিতা থাকার কারণে মেগাডেথ দারুণ শক্তিশালী গান রচনা করে শ্রোতাদের মুগ্ধ করে। পরে তারা তাদের স্বকীয়তা খুঁজে পায় এবং বর্তমানে তারা বিশ্বের সেরা চারটি থ্রাশ মেটাল ব্যান্ডের একটি। সারা বিশ্বে থ্রাশ মেটাল ও এর নানা উপধারা সৃষ্টি ও জনপ্রিয় করার পেছনে এ চার থ্রাশ মেটাল ব্যান্ডের অবদানের কারণেই তাদের এখন বলা হয় ‘বিগ ফোর অব থ্রাশ’। এ চারটি ব্যান্ড হলো ১. মেটালিকা, ২. মেগাডেথ ৩. স্লেয়ার, ৪. অ্যানথ্রাক্স।এখন পর্যন্ত মেগাডেথ ব্যান্ডে অনেকবার সদস্য বদল হয়েছে। তবে ডেভ মাসটেইন শুরু থেকেই তাঁর জায়গায় স্থির আছেন। এখন পর্যন্ত মেগাডেথ ১৩টি অ্যালবাম বের করেছে।থার্টিন বের হওয়ার প্রথম সপ্তাহেই অ্যালবামটির ৪২ হাজার কপি বিক্রি হয়ে যায় এবং বিলবোর্ড ২০০-এর মধ্যে ১১তম স্থান অর্জন করে। অ্যালবামটিতে তাদের পুরোনো কিছু অপ্রকাশিত গানও আছে।১৩টি গানের মধ্যে সাডেন ডেথ নামের গানটি ২০১০ সালে গিটার হিরো নামক ভিডিও গেমের জন্য বের হয়েছিল ও গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। এ ছাড়া পাবলিক এনিমি নম্বর ওয়ান গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। অ্যালবামটি মেগাডেথের সেরা অ্যালবামগুলোর পাশাপাশি সংগ্রহে রাখার মতো। এ কারণে মেটালভক্তদের অবশ্যই থার্টিন শোনা উচিত।