মেঘ মেদুর বরষায় কোথা তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে গতকাল বর্ষা ঋতুকে বরণ করেছে উদীচী। ছবিটি বাংলা একাডেমির নজরুল মঞ্চ থেকে তোলা l আবদুস সালাম
সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে গতকাল বর্ষা ঋতুকে বরণ করেছে উদীচী। ছবিটি বাংলা একাডেমির নজরুল মঞ্চ থেকে তোলা l আবদুস সালাম

‘এসেছিলে তবু আস নাই/ জানায়ে গেলে’ বৃহস্পতিবার দিনের শুরুতে বর্ষামঙ্গল উৎসবে কবিগুরুর এ গান মনে পড়ছিল। কেননা, আগের রাতে ঝুম বৃষ্টিতে রাজধানীর অলিগলি-রাজপথ ডুবলেও গতকাল সকালে বৃষ্টির ছিটেফোঁটাও ছিল না। নির্মেঘ আকাশে দীপ্ত সূর্য। সকাল নয়টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনে দর্শকসারিতে বসা অনেকের চোখে দেখা গেল রোদচশমা। চলল উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষা উৎসব।

বৃষ্টি না হলেও ‘বর্ষা মঙ্গল’ সার্থক হয়েছে। প্রকৃতির স্নানের কাজটি আগের দিন সম্পন্ন হয় বুধবারের অজস্র জলধারায়। সঞ্চিত ময়লা-আবর্জনা ধুয়েমুছে সাফসুতরো হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর। সবুজ ঘাসের আগায় ফোঁটা ফোঁটা পানি রোদের কিরণে চকমক করছিল পারদের মতো। ছোট ছোট গাছগুলোর আশপাশে সাদা, হলুদ ও কালো রঙের প্রজাপতিগুলো একটির পিছু নিয়ে আরেকটি মেতে উঠেছে খুনসুটিতে। তারাও এসে বসছে মিষ্টি রোদ আর মৃদু হাওয়ায় দুলতে থাকা ঢলঢল পাতায়। বর্ধমান হাউসের ওপাশে শানবাঁধানো টলটলে পানির পুকুর। মনের আনন্দে সেখানে ভাসছে রাজহাঁস। তবে নজরুল মঞ্চের সামনের জায়গাটি পানিতে সয়লাব। সেখানে দর্শক বসতে পারা দূরে থাক, হাঁটার উপায় ছিল না। উৎসুক অনেকে কাগজের নৌকা বানিয়ে সেখানে ভাসিয়ে দেয়। যাঁরা এসেছিলেন, তাঁদের জায়গা হয়েছিল মঞ্চের একপাশে ইট বসানো হাঁটার রাস্তায় রাখা চেয়ারে।

রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে বহু লোকের প্রাণহানির বেদনা উদীচীর আয়োজনটিকেও ছুঁয়ে যায়। তাই তো প্রতিবছর ‘বর্ষা উৎসব’ উদ্‌যাপন করলেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষসহ সবার মঙ্গল কামনায় অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বর্ষা মঙ্গল’। এখানে গানের সুরে, কবিতার ছন্দে, নৃত্যের তালে করা হয়েছে বর্ষাবন্দনা। বর্ষা ঘোষণায় প্রাণ-প্রকৃতি রক্ষার ওপর জোর দেওয়ার জন্য সরকারসহ সবার প্রতি আহ্বান জানানো হয়। মঞ্চে অংশ নেওয়া শিল্পীদের শুভেচ্ছা জানানো হয় নানা রকমের গাছের চারা বিতরণ করে।

পাহাড়ধসে নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় বর্ষামঙ্গল অনুষ্ঠানটি। এরপর বাঁশিবাদক শেখ আবু জাফরের বাঁশির সুরে সচকিত হয় চারদিক। ‘মেঘ মেদুর বর্ষায় কোথা তুমি’ গানটির সুরে সুরে বাড়তে থাকে উপস্থিতি। ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বেনজীর আহমেদ। বাচিক শিল্পী ডালিয়া আহমেদের আবৃত্তি পরিবেশনের পর ‘স্পন্দন’-এর শিল্পীরা ‘মেঘের পালক’ গানটির সঙ্গে পরিবেশন করেন দলীয় নৃত্য। এরপর শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস শোনান ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’ গানটি।

এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেনের গ্রন্থনায় গীতি-আলেখ্য ‘বিহ্বল বর্ষায়’ পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে রচিত গীতিনৃত্যালেখ্যে বর্ষার নানা রূপ ও স্বাদের সঙ্গে পরিচয় ঘটানো হয়। এরপর মঞ্চে দলীয় পরিবেশনা উপস্থাপন করেন উদীচী বিভিন্ন শাখার শিল্পীরা। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে একক গান শোনান শামীম আল মামুন, সাজেদা বেগম, অবিনাশ বাউল, মায়েশা সুলতানা ও জাকির হোসেন। আবৃত্তি করেন বাচিক শিল্পী বেলায়েত হোসেন, ইকবাল খোরশেদ।

রহমান মুফিজের সঞ্চালনায় ‘বর্ষা কথন’-এ একরাম হোসেনের সভাপতিত্বে অংশ নেন জামসেদ আনোয়ার। এ পর্বে বর্ষাকথন পাঠ করেন মাহমুদ সেলিম। আর বর্ষা ঘোষণা পাঠ করেন ইকবালুল হক খান। সবশেষে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের শিল্পীরা পরিবেশন করেন বর্ষায় হাওরের মানুষের জীবনসংগ্রাম নিয়ে নাটিকা হাওরনামা।