মেঘমন্দ্রিত দিনে বর্ষা উৎসব
বর্ষার প্রথম দিনেই ছিল মেঘলা আকাশ। বর্ষার উৎসবে নৃত্য, গান আর কবিতায় যে বৃষ্টির বন্দনা করা হয়েছিল সেই বৃষ্টি নামল বেশা শেষে।গতকাল বুধবার পয়লা আষাঢ়ের সকালে নগরে ছিল দুটি বর্ষা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অন্য উৎসবটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে। উৎসব প্রাঙ্গণে অনেকের হাতেই ছিল বর্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ কদম ফুল। এ ছাড়া কারও হাতে, কারও বা খোঁপায় শোভা পাচ্ছিল কেয়া, রঙ্গন, বেলি, রজনীগন্ধা, চম্পা, বকুলসহ বর্ষার নানা ফুল। শিল্পীদের প্রায় সবাই ও দর্শক-শ্রোতার কেউ কেউ সেজেছিলেন বর্ষার রং নীলে।উদীচী: লিচুতলায় সেতারে সুর তুলে উদীচীর উৎসবের সূচনা করেন এবাদুল হক। এর পর লায়লা আফরোজ আবৃত্তি করেন বুদ্ধদেব বসুর কবিতা ‘হূদয় আমার’। ‘এসো নীপবনে ছায়াবীথিতলে’, ‘গুরু গুরু বাদল দিনে’, ‘এসো দেশ গৌর’, ‘কলকল ছলছল নদী করে’—সম্মেলক কণ্ঠে পর পর এই চারটি বর্ষার গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এ ছাড়া দলীয় সংগীত পরিবেশন করেন পঞ্চভাস্করের শিল্পীরা।উৎসবে রবীন্দ্রনাথ-নজরুল ছাড়াও ডি এল রায়ের গান, আধুনিক, লোকসংগীত ও ভাওয়াইয়া গান পরিবেশিত হয়। এ ছাড়া ছিল সমগীতের একটি ব্যতিক্রমী পরিবেশনা। আদিবাসী মারমাদের সুরে সমগীতের শিল্পীরা গেয়ে শোনান মান্দিদের গান ‘গুঢ় গুঢ়াগুঢ় ডাকলো দেওয়া জঙ্গলে ঝম ঝমাঝম’। উৎসবে সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ, লীনা তাপসী, শারমিন সাথী ইসলাম, আজিজুর রহমান প্রমুখ। শিল্পীরা ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’, ‘দোল দোল তমালে ঝুলনাতে’, ‘আকাশ এত মেঘলা’—এসব গান গেয়ে শোনান।‘বৃষ্টি পড়ে রে’ ও ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’ গান দুটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন যথাক্রমে তামান্না রহমান ও সাখিনা হোসেন। বর্ষাকথনে অংশ নেন নাট্যজন লাকী ইনাম। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন।সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’—রবীন্দ্রনাথের বর্ষার এই গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত উৎসবের প্রভাতি অধিবেশন।উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ। বর্ষাকথনে অংশ নেন শ্যামল দত্ত। পরে তাঁরা কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশুদের হাতে তুলে দেন নানা রকম ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। প্রভাতি অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, সাজেদ আকবর, লিলি ইসলাম, সালমা আকবর প্রমুখ। দলীয় সংগীতে ছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ধ্রুবতান, সুরসপ্তক ও বহ্নিশিখা। স্পন্দন ও নৃত্যম দলীয় নৃত্য পরিবেশন করে। লায়লা আফরোজ, রফিকুল ইসলাম আবৃত্তি করেন।