মেঘমেদুর এক কাব্যিক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল থেকেই আকাশ ছিল মেঘমেদুর। সন্ধ্যায় ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছিল। সন্ধ্যাকে কাব্যিক করে তুলেছিলেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার। জীবনের অর্ধশত বছর পূর্ণ করেছেন তিনি ৬ জুন। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ছিল তাঁর একক আবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গোলাম সারোয়ারকে শুভেচ্ছা জানানো হয়। রামেন্দু মজুমদার আলোচনা করেন সারোয়ারের জীবন ও কর্ম নিয়ে। পরে তিনি শুদ্ধ উচ্চারণের আবশ্যিক ধাপ প্রমিত উচ্চারণ-এক শিরোনামে গোলাম সারোয়ারের একটি সিডির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল একক আবৃত্তি। কাজী নজরুলের ‘প্রতিভাষণ’ দিয়ে আবৃত্তি শুরু করেন গোলাম সারোয়ার। একে একে ডি এল রায়ের ‘নতুন কিছু কর’, হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’, জসীমউদ্দীনের ‘দগ্ধগ্রাম’, কাহলিল জিবরানের ‘ভালবাসার সঙ্গে এলে’, মোহাম্মদ সামাদের ‘চারুমুখী মেয়েটি’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্যামেলিয়া’, অক্টাভিও পাজের ‘নীল উপহার’, সব্যসাচী দেবের ‘কৃষ্ণা’ এবং সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিশুতীর্থ’ আবৃত্তি করেন।শুদ্ধ উচ্চারণের সঙ্গে কবিতার ছন্দ ও আবেগকে মিলিয়ে কণ্ঠের দ্যোতনায় তিনি এমন করে উপস্থাপন করলেন যে শ্রোতারা ছিলেন তন্ময় হয়ে। আবৃত্তি শেষে মনে এক অনাবিল প্রশান্তি নিয়ে দর্শকশ্রোতা ঘরে ফিরলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর বরকত।বেঙ্গল গ্যালারিতে ‘সৃজনে ও শেকড়ে -৩’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় আজ মঙ্গলবার থেকে ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৩’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। এ উপলক্ষে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন এবং প্রেস প্রিভিওর আয়োজন করা হয়। এতে শিল্পী এবং আয়োজকেরা উপস্থিত থেকে আজকের প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। সৃজনে ও শেকড়ে-৩-এ অন্তর্ভুক্ত হয়েছেন এমন ১০ জন শিল্পী, যাঁদের সৃজনোত্কর্ষ নানা দিক থেকে তাত্পর্যময়। এঁরা মুস্তাফা মনোয়ার, আবু তাহের, আবুল বারক্ আলভী, স্বপন চৌধুরী, অলক রায়, নাইমা হক, রণজিৎ দাস, নাসরীন বেগম, শিশির ভট্টাচার্য্য ও কনকচাঁপা চাকমা। সবার চারটি করে মোট ৪০টি শিল্পকর্ম থাকবে প্রদর্শনীতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পীদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনী ২৬ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।