মেঘমেদুর দিন শেষে সৃজনের বর্ষার গান
ভরা বর্ষা। রাত থেকেই হচ্ছিল ঝুম বৃষ্টি। সারা দিন মেঘমেদুর আকাশ। থেকে থেকে ছিটেফোঁটা বর্ষণ। এমন দিনে গানের আসরে বর্ষার গানের যে প্রাধান্য থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। গতকাল শনিবার সন্ধ্যায় সৃজনের শিল্পীরাও গানে গানে বর্ষাবন্দনায় মোহিত করেছিলেন শ্রোতাদের। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এটি ছিল সৃজনের ৯৪তম নিয়মিত মাসিক গানের আসর। মিলনায়তন ছিল শ্রোতায় পূর্ণ। তাই নির্ধারিত সময়ের একটু আগেই শুরু হয়েছিল গানের পালা। একক কণ্ঠে একে একে গান শোনালেন এ টি এম জাহাঙ্গীর, তানভীর দাউদ, উত্তম কুমার, মাসুদ আহমেদ, মুনীর চৌধুরী, রুকসানা মুমতাজ, আফসানা রুনা। তাঁদের পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘আমি কী গান গাব যে ভেবে না পাই’, ‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে’, ‘আকাশ এত মেঘলা যেও নাকো একলা’, ‘এই রিমঝিমঝিম বর্ষা’, ‘আমি বৃষ্টির কাছে কাঁদতে শিখেছি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে’, ‘নিশি না ফুরাতে কার ঘুম ভেঙ্গে যায়’, ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’ ইত্যাদি গান। সৃজনের পরিচালক নূরুল ইসলাম পরিচালনা করেন আসর। আয়োজনের বেশির ভাগই ছিল বর্ষার গান। গানের সঙ্গে পরিবেশ একেবারেই মিলে গিয়েছিল। মিলনায়তনের সবাই তন্ময় হয়ে ছিলেন গানের সুরে। বাইরে বৃষ্টি, ভেতরে তার সুরের মূর্ছনা। চমৎকার কেটেছিল সন্ধ্যা। শিশুরা পেল পুরস্কারশত শিশুর কলকাকলিতে মুখরিত মিলনায়তন। পুরস্কার নিতে এসেছিল তারা। তাই উৎসাহ-উদ্দীপনার অন্ত ছিল না। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজনটি করেছিল পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল। শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নির্বাচিত যে ১০০টি ছবির প্রদর্শনী হয়েছিল চারুকলার জয়নুল গ্যালারিতে, সেগুলো থেকেই পুরস্কার পেল ১০টি ছবি। ‘বৈশাখে ছবি আঁকো, জ্যৈষ্ঠে প্রদর্শনী’ শীর্ষক এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনিসুজ্জামান, সভাপতিত্ব করেন জিল্লুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। চ্যাম্পিয়ন হয়েছে গ্রীন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের আর্য পৃথু প্রামাণিক। তার হাতে তুলে দেওয়া হয় ২০ হাজার টাকার প্রাইজবন্ড, চ্যাম্পিয়ান গোল্ডেন ট্রফি ও একটি সনদপত্র। রানার আপ হয়ে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড, গোল্ডেন ট্রফি ও সনদপত্র পেয়েছে স্কলাস্টিকার শিক্ষার্থী আনিকা ইসলাম।সবুজের আবাহনএশিয়াটিক সোসাইটি গ্যালারিতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে স্বাধীনতা চারুশিল্পী সংসদ আয়োজিত তরুণ শিল্পীদের দলীয় প্রদর্শনী। ‘সবুজের আবাহন’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আলোচনা করেন ভাস্কর হামিদুজ্জামান খান, শিল্পী ফরিদা জামান। সঞ্চালনা করেন সংসদের সদস্যসচিব আশরাফুল আলম। সংসদ গত ১১ জুন সাভারে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করে তাদের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এই ক্যাম্পের ছবিগুলো নিয়েই প্রদর্শনী। এতে ২১ জন শিল্পীর ৪২টি শিল্পকর্ম রয়েছে। চলবে ১ জুলাই পর্যন্ত। রাজশাহীতে বাদল রহমান স্মরণরাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান, বরেণ্য চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণে গত শুক্রবার সন্ধ্যায় নগরের পদ্মা মঞ্চে তাঁর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্মিলিতভাবে এই প্রদর্শনীর আয়োজন করে রাজশাহী চিলড্রেন’স ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। প্রদর্শনীর শুরুতেই বাদল রহমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে এমিলের গোয়েন্দা বাহিনী ও ছানা ও মুক্তিযুদ্ধ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজশাহী খেলাঘরের আহ্বায়ক ফজলুল হক, চৌধুরী সারোয়ার জাহান, মশিহুর রহমান, আহসান কবির, এফ এম এ জাহিদ প্রমুখ।