মেঘলা দিনে পথে পথে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথকে নিয়ে রক্তকরবীর আয়োজনে বর্ষার গান শোনান শিল্পীরা। ছবিটি গতকাল সন্ধ্যা সাতটায় নগরের নন্দনকাননের ফুলকি মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো
রবীন্দ্রনাথকে নিয়ে রক্তকরবীর আয়োজনে বর্ষার গান শোনান শিল্পীরা। ছবিটি গতকাল সন্ধ্যা সাতটায় নগরের নন্দনকাননের ফুলকি মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো

সারা দিন আকাশে মেঘের দেখা না মিললেও কিন্তু সন্ধ্যা হতেই নামে ঝুমবৃষ্টি। প্রকৃতির এই আচরণে ‘মেঘলা দিনে পথে পথে বৃন্দাবনী সারঙের সুরে’ শিরোনামের আয়োজন যেন আরও পূর্ণতা পেল। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের নন্দনকাননের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে এই আসরের আয়োজন করে রক্তকরবী।

সন্ধ্যা সাড়ে ছয়টায় বৃন্দাবনী সারঙ রাগে সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। রক্তকরবীর পাঁচ শিল্পী পরিবেশন করেন পাঁচটি সংগীত। তিন পর্বের অনুষ্ঠানে তুলে ধরা রবীন্দ্রনাথের নানা সময়ে রচিত বিভিন্ন গানের পরিবেশনা। সব গানেই বর্ষার অনুষঙ্গ। সংগীত পরিবেশন করেন রক্তকরবীর মুনমুন দে, সোমা বড়ুয়া, উমা ভট্টাচার্য ও সত্যজিৎ ঘোষ। রবীন্দ্রনাথের বিভিন্ন রচনা থেকে পাঠ করেন আবুল মোমেন, শীলা মোমেন ও জিনাত ইসলাম।

স্পৃহা আবৃত্তি নীড়ের যাত্রা শুরু

নতুন আবৃত্তি সংগঠন স্পৃহা আবৃত্তি নীড়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছেগতকাল। এ উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাষাবিজ্ঞানী মাহবুবুল হক। স্পৃহা আবৃত্তি নীড়ের সভাপতি নিশাত হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কবি ওমর কায়সার, নাট্যজন মনোজ সেনগুপ্ত প্রমুখ।

থিয়েটার ইনস্টিটিউটে ইডিপাস

গতকাল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ট্র্যাজিক নাটক ইডিপাস মঞ্চায়ন করেছে তির্যক নাট্যদল। এ নিয়ে নাটকটির ১২৫টি মঞ্চায়ন হলো। আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহববুল ইসলাম, রিপন বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার প্রমুখ। আজ শনিবার সন্ধ্যায়ও টিআইসি মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটকটি।

শিল্পকলায় তবুও মানুষ

নগরের জেলা শিল্পকলা একাডেমিতে চলছে নাট্যোৎসব ‘আগস্টের নাট্যসম্ভার’। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত এই উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চায়িত হয় নান্দীমুখের নাটক তবুও মানুষ। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত।