মেঘলা দিনে বর্ষা উৎসব
বৃষ্টি নামি নামি করেও নামল না। তবে বেশ মেঘলা ছিল আষাঢ়ের প্রথম দিনের আকাশ। তাতে রোদের দহনজ্বালা খনিকটা কমল। বিকেলের দিকে ঠান্ডা দমকা হাওয়া নিয়ে এল স্বস্তি, সেই সঙ্গে বৃষ্টির আশ্বাসও। বৃষ্টির দেখা না মিললেও আষাঢ়ের প্রথম দিনে ঢাকা মহানগরে বর্ষাবরণের উৎসবে উৎসাহের কমতি ছিল না। দিনের শুরু থেকে রাতের প্রথম ভাগ অবধি বিভিন্ন সংগঠন নানামাত্রিক আয়োজনে বর্ষা উৎসব উদ্যাপন করেছে। এর মধ্যে ছিল বৃষ্টি নিয়ে শিশু-কিশোরদের ছবি আঁকা থেকে শুরু করে আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তিসহ পরিবেশ রক্ষায় বিনা মূল্যে ফলফলাদির গাছের চারা বিতরণসহ বৈচিত্র্যময় কর্মসূচি। দিনটিও ছিল সাপ্তাহিক ছুটি। ফলে উৎসবের সকাল-বিকেল উভয় অধিবেশনেই দর্শনার্থীদের সংখ্যা ছিল যথেষ্ট। বিশেষ করে, বিকেলে বেড়াতে বের হয়ে মেঘলা পরিবেশে বর্ষার গানে গানে আনন্দময় সময় কাটিয়েছে তারা।সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এবার নিয়ে পঞ্চমবারের মতো বর্ষা উৎসবের আয়োজন করল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সকাল সাতটায় নীল আকাশের পটভূমিতে প্রস্ফুটিত কদমগুচ্ছের ছবিসংবলিত পর্দায় সজ্জিত মঞ্চে উৎসবের কর্যক্রম শুরু হয় শিল্পী অসিত দের মেঘমল্লার রাগ পরিবেশনের মধ্য দিয়ে। এরপর শিশুসংগঠন রনতার একঝাঁক খুদে শিল্পীর সমবেত কণ্ঠের গান ‘বরষা ঋতু এল এল’। নার্গিস চৌধুরী গেয়ে শোনান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘মন মোর মেঘের সঙ্গী’। ‘পাগলা হাওয়ার বাদল-দিনে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যশ্রীর শিল্পীরা। অনুষ্ঠানের পাশাপাশি খোলা প্রাঙ্গণে শুরু হয় বয়সভিত্তিক তিনটি বিভাগে বর্ষা নিয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মঞ্চে বর্ষা নিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি মুহাম্মদ সামাদ, নিগার চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ, সঞ্চালনা করেন সম্পাদক মানজার চৌধুরী।সকালের পর্বে একক কণ্ঠে বর্ষার গান শুনিয়েছেন ইফফাত আরা নার্গিস, সফিউল আলম, মাফিয়া রহমান এবং আবৃত্তি করেন মাহিদুল ইসলাম ও নায়লা তারান্নুম। বর্ষার গানের মধ্যে ছিল ‘রিমঝিম রিমঝিম নামিল দেয়া’, ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’, ‘গগনে খেলায় সাপ বর্ষা বেদেনী’, ‘এই তো আষাঢ় মাসে নাগেরই গর্জন’—এসব। দলীয় সংগীতে ছিল বহ্নিশিখা, সুরসপ্তক, পঞ্চভাস্বর, ধ্রুবতান। নৃত্য পরিবেশন করে নৃত্যম ধ্রুপদ কলা কেন্দ্র। অধিবেশনে উপস্থিত সুধীজনের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে দ্বিতীয় পর্বেও ছিল একক ও সমবেত সংগীত, নৃত্য, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। উৎসবে সহায়তা দিয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।উদীচী শিল্পীগোষ্ঠী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় বর্ষা উৎসবের আয়োজন করেছিল উদীচী ঢাকা মহানগর সংসদ। এখানেও সকাল সাতটায় অনুষ্ঠান শুরু হয়েছিল শিল্পী প্রিয়াংকা গোপের উচ্চাঙ্গসংগীত দিয়ে। এরপর আবৃত্তি করেন গোলাম সারোয়ার। বর্ষাকথনে অংশ নেন লোকশিল্পী সাইদুর রহমান বয়েতি।উৎসবে ছিল বিশিষ্ট শিল্পীদের একক এবং বিভিন্ন সংগঠনের দলীয় সংগীত ও নৃত্য। তাঁরা বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, পল্লিগীতি, আধুনিক ও পুরোনো দিনের গান গেয়ে শোনান। শিল্পীদের মধ্যে ছিলেন: বুলবুল ইসলাম, শারমিন সাথী, আজিজুর রহমান, মহাদেব ঘোষ, বিজন চন্দ্র মিস্ত্রী, সুমারানী রায় প্রমুখ। নৃত্য পরিবেশন করে উদীচী, নৃত্যনন্দন, নৃত্যশ্রী ও নটরাজের শিল্পীরা।ছায়ানট: সন্ধ্যায় ছায়ানট তাদের মিলনায়তনে আয়োজন করে বর্ষার গানের অনুষ্ঠান।অনুষ্ঠানে বর্ষা নিয়ে বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে শোনান শিল্পীরা।