প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরতের মেঘলা আবহাওয়ায় রবীন্দ্রসংগীত কে না ভালোবাসে? হালকা ঠান্ডা আবহাওয়ায় মিলনায়তন দর্শক-শ্রোতায় পরিপূর্ণ। সবাই তন্ময় হয়ে গান শুনছে। গতকাল শিল্পকলা একাডেমীর নৃত্যকলা বিভাগে বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে সংগীত সংগঠন উত্তরায়ণের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গানগুলো নিয়ে ছিল বিশেষ সংগীতানুষ্ঠান। সমবেত কণ্ঠে ‘আমাদের খেপিয়ে বেড়ায়’ গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা। পরে ‘সখী, ওই বুঝি বাঁশি বাজে’ পরিবেশন করেন শীমু দে। সাথী পরিবেশন করেন ‘কেন সারা দিন ধীরে ধীরে’। অনুপ ও বিউটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’। ‘আমার পথে পথে পাথর ছড়ানো’ গেয়ে শোনান গান অশোক। অনুষ্ঠাটি শেষ হয় সমবেত কণ্ঠে ‘আমরা সবাই রাজা’ পরিবেশনা দিয়ে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পী লিলি ইসলাম।