বর্ষা এবার তার প্রথম দিন থেকেই বেশ সক্রিয়। রাজধানী ঢাকায় অন্তত অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে রোজই। বর্ষা নিয়ে অনুষ্ঠানও চলছে। প্রকৃতিতে প্রাণসঞ্চারি এই ঋতুর প্রভাব বাঙালির সৃজনে, মননে, সাহিত্য-শিল্পেও অনুপ্রেরণাদায়ী। বৃষ্টি আর সংগীতের সুর মিলেমিশে বর্ষার বন্দনায় সংস্কৃতি অঙ্গনের নানামাত্রিক আয়োজন নাগরিক চিত্তবিনোদনেও বৈচিত্র্যের আস্বাদ নিয়ে এসেছে।গতকাল এরই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে হয়ে গেল পঞ্চকবির গান নিয়ে ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’ নামে বর্ষার বিশেষ গীতি আলেখ্য। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় এই গীতি আলেখ্য পরিবেশন করে সংগীত সংগঠন গীতি শতদল। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়েছিল সমবেত কণ্ঠে ‘এসো শ্যামল সুন্দর’ এবং ‘বরষা আইলো ঐ’ গান দুটি দিয়ে। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ, রজনীকান্তের বর্ষার গান গেয়ে শোনান। মাঝে মাঝে ছিল তাঁদের গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায়। গীতি আলেখ্য গ্রন্থনা ও পরিচালনা করেন বাঁশরী দত্ত।অনুষ্ঠানে একক কণ্ঠে শাহরিয়া পিউ পরিবেশন করেন ‘আবার এসেছে আষাঢ়’, মিতা পাল শোনান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। প্রমিতা ও কাকলী গোস্বামী পরিবেশন করেন ‘অম্বরে মেঘ-মৃদঙ্গ বাজে’। অনিন্দিতা চক্রবর্তী নৃত্য পরিবেশন করেন ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’ গানের সঙ্গে। অনুষ্ঠানে একক কণ্ঠের গানে ছিলেন ঋতা মজুমদার, কস্তুরিকা, আইনুন নাহার, কৃষ্ণা মিত্র, কোহিনূর খান, নওরিন ইয়াসমিন। নৃত্য করেন কমলিকা দাস। গানগুলোর মধ্যে ছিল: ‘প্রেমে জল হয়ে যাও গলে’, ‘গগনে কৃষ্ণ মেঘ দোলে’, ‘বধূ এমন বাদলে তুমি’, ‘কে গো বসিলে পথে’, ‘মোর ভাবনারে’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’, ‘উতল-ধারা বাদল ঝরে’ প্রভৃতি। মেঘলা সন্ধ্যায় উপভোগ্য ছিল বর্ষার এই আয়োজন।নৃত্যাঞ্চলের আয়োজনে কত্থক নৃত্য কর্মশালানৃত্যসংগঠন নৃত্যাঞ্চলের উদ্যোগে আজ বুধবার থেকে পাঁচ দিনব্যাপী কত্থক নৃত্যের কর্মশালা শুরু হচ্ছে। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।প্রখ্যাত কত্থক নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ ও বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী শাশ্বতী সেন কর্মশালা পরিচালনা করবেন। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২০০ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। কর্মশালায় সহায়তা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। কসমসে যৌথ প্রদর্শনীমহাখালীর গ্যালারি কসমস-২-এ গত সোমবার থেকে শুরু হয়েছে ১৩ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। ‘ক্লস অব ১৯৭৯ চারুকলা’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সেভন্ড ওলিং। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান আরা জামিল। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: ফাহমি খান, মোখলেসুর রহমান, এ আরিফ শাহিন, দিলরুবার রোজি, জাহিদ মোস্তফা, মাহবুবা করিম, লালারুখ সেলিম, রেজাউজ্জামান, আফরোজা জামিল, শরিফ, উত্তম কুমার কর্মকার, ধনঞ্জয় চন্দ্র মণ্ডল, স্বপন কুমার সিকদার। প্রদর্শনী চলবে আগামী ২৪ জুন পর্যন্ত।