মেঘের পরে মেঘ জমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিভেজা সন্ধ্যা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের চারপাশে বকুল ফুলের সৌরভ। নির্ধারিত সময়ের আগেই গান শুনতে এসেছেন শ্রোতারা। গতকাল শনিবার ছুটির দিনে সন্ধ্যায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ভরা ছিল রবীন্দ্রসংগীতের অনুরাগীদের উপস্থিতিতে। গীতাঞ্জলির ১০০ বছর পূর্তিতে এই দিনে ‘গীতাঞ্জলির গান’ নামে সংগীতসন্ধ্যার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন নৈবেদ্য। অনুষ্ঠানের শুরুতে গীতাঞ্জলি নিয়ে স্বাগত বক্তৃতা করেন নৈবেদ্যর সভাপতি আলী আহমদ।অনুষ্ঠানের শুরু হয়েছিল শিল্পীদের সমবেত পরিবেশনা ‘আমার মিলন লাগি’ এই গানটি দিয়ে। এরপরে শিল্পী প্রান্তিকা সরকার পরিবেশন করেন ‘হে মোর দেবতা’। পরে শিল্পী শাকিল হাসমী গেয়ে শোনান ‘যেথায় থাকে সবার অধম’ গানটি। শিল্পীদের একক গানের পর্যায়ে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন ভারতের শিল্পী জয়তী চক্রবর্তী। তিনি গেয়ে শোনান ‘ধায়ে যেন মোর সকল ভালবাসা’, ‘তুমি কেমন করে’, ‘আমার মাথা নত করে’, ‘আজি ঝড়ের রাতে’ এই গানগুলো।একক গানের মধ্যে আরও ছিল ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘কবে আমি বাহির হলেম’, ‘প্রভু তোমা লাগি’, ‘গায়ে আমার পুলক লাগে’, ‘আবার এসেছে আষাঢ়’, ‘ওরে মাঝিসহ আরও বেশ কিছু গান। ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে’ সমবেত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও ‘আজি ধানের ক্ষেতে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সেজুতি।‘চিত্ত যেথা ভয় শূন্য’ আবৃত্তি পরিবেশন করেন হাসিনা আহমেদ। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন আজিজুর রহমান, সানজিদা আজিম, আফসানা আহমেদ, জীবন চৌধুরী, আসমা জামান, নাইমা ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত প্রমুখ।