মেটাল মেইজের 'মেটাল মেইজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটাল মেইজ
মেটাল মেইজ

দেশের জনপ্রিয় মেটাল ব্যান্ড মেটাল মেইজ এবার একটি ইপি বা এক্সটেন্ডেড প্লে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মেটাল মেইজ’। ইপি অ্যালবাম সাধারণত কয়েকটি গান নিয়ে সাজানো হয়ে থাকে। মেটাল মেইজের এ অ্যালবামে মোট গান থাকছে তিনটি। গানগুলো হলো ‘সভ্যতা’, ‘রণ হুংকার’ ও ‘শ্রেষ্ঠত্ব’। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছে মেটাল মেইজ।

‘মেটাল মেইজ’ ইপি অ্যালবামটি সিডি আকারে ২৯ মার্চ প্রকাশিত হবে ইনকার্সন মিউজিকের ব্যানারে। ওই দিন বাংলামোটরে অবস্থিত ইনকার্সন মিউজিকের শোরুমে অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ব্যান্ডের সব সদস্য সেখানে উপস্থিত থেকে অটোগ্রাফ দেবেন।

নতুন অ্যালবাম নিয়ে বলতে গিয়ে মেটাল মেইজ ব্যান্ডের গিটারিস্ট ফয়সাল বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের নতুন কিছু উপহার দিতে। আমাদের এবারের অ্যালবাম আয়োজনের মূলে রয়েছে বাংলাদেশের মেটাল সংগীত অঙ্গনকে নতুন সাউন্ড উপহার দেওয়া। অ্যালবামের গানগুলো শুনলেই শ্রোতারা সেটা বুঝতে পারবেন। অ্যালবামের গানগুলো মেটাল ঘরানার। তবে গানের সুর ও সংগীতে নতুনত্ব থাকছে। আশা করছি, একেবারেই নতুন এক সাউন্ড পাবেন শ্রোতারা।’


মেটাল মেইজ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘অজানা অধ্যায়’ প্রকাশিত হয়েছিল ২০০৩ সালে। এর ছয় বছর পর ২০০৯ সালে প্রকাশিত হয় ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘কর্পোরেট রোবট’। দুটো অ্যালবামই রক ও মেটাল গানের ভক্ত-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এ ছাড়া ‘ছাড়পত্র’, ‘অনুশীলন’, ‘প্রজন্ম’, ‘দিনবদল’, ‘রক ১০১’, ‘আন্ডারগ্রাউন্ড টু’ ও ‘সাইক্লোন’ মিক্সড অ্যালবামগুলোতে মেটাল মেইজের গান প্রকাশিত হয়েছে। মেটাল মেইজ ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন ফয়সাল (গিটার), শাব্বির (ভোকাল), শোভন (ড্রামস) ও মার্ক (গিটার ও স্টুডিও বেইজ)।