মেডিকেলের ছাত্রী নাফিজা
‘মফস্বলের মেধাবী ছাত্রী হওয়ার পরও মা-বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিতে চান। সে যাত্রায় বড় মায়ের হস্তক্ষেপে আমি রক্ষা পাই। তারপর বড় মা আমাকে তাঁর সঙ্গে শহরে নিয়ে আসেন। শহরে এসে আমি তাঁর বাসায় থেকে পড়াশোনা করি। মেডিকেলের ছাত্রী হওয়ায় বড় মা আমাকে খুব ভালোবাসতেন।’ ‘বড় মা’ নাটকে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে এভাবেই কথাগুলো বললেন লাক্স তারকা নাফিজা। আবদুল্লাহ রানা রচিত এবং পরিচালিত ‘বড় মা’ নাটকটিতে নাফিজার বড় মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। নাটকটিতে দেখা যায়, গ্রামে থাকা অবস্থায় নাফিজার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু বড় মায়ের ভালোবাসায় নাফিজা এতটাই মুগ্ধ ছিলেন যে সে তাঁর গ্রামের ছেলেবন্ধুকে পর্যন্ত ত্যাগ করে। এরপর অবশ্য বড় মায়ের পছন্দসই ছেলে চঞ্চলের সঙ্গেই নাফিজার বিয়ে হয়। নাটকটিতে কাজ করা প্রসঙ্গে নাফিজা বলেন, ‘এ নাটকে কাজ করার বেশ কিছু কারণ ছিল। প্রথমত, রানা ভাইয়ের সঙ্গে কাজ করার একটা গোপন ইচ্ছা ছিল। তারপর নাটকের গল্পটাও আমার বেশ ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছে, নাটকের গল্পটা ব্যতিক্রম। মেডিকেলের ছাত্রী হিসেবে এর আগেও একটি নাটকে কাজ করেছিলাম।’