মেডিটেশনকে ভ্যাটমুক্ত রাখতে শিল্পীদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমেনা চৌধুরী, ইমন, কোনাল, পারভেজ
মোমেনা চৌধুরী, ইমন, কোনাল, পারভেজ

মানুষকে আনন্দ দিতে বিনোদনশিল্পের তারকাদের কম চাপ সইতে হয় না। এই মানসিক চাপ থেকে মুক্ত হতে মেডিটেশন বা ধ্যান খুব উপকারী। সাধারণ মানুষের পাশাপাশি এই অঙ্গনের শিল্পী ও তারকারা মেডিটেশন করে থাকেন। কোনো প্রতিষ্ঠান থেকে শিখে এসে নিজেরা তা চর্চা করে মনে প্রশান্তি আনছেন। বাজেটে মেডিটেশন শিক্ষার ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্তে আশাহত হয়েছে শিল্পী সমাজ। এই সেবার ওপর ভ্যাট আরোপ না করার আহ্বান জানিয়েছে তারা। নিয়মিত মেডিটেশন চর্চাকারী কয়েকজন মেডিটেশনের ওপর থেকে স্থায়ীভাবে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। চলুন জেনে নিই তাঁদের মতামত।

আলম আরা মিনু, কণ্ঠশিল্পী
সংগীত একধরনের ধ্যান। এটাকে আরও সুন্দরভাবে চর্চার এবং সর্বোপরি শান্তিময় জীবনের জন্যে মেডিটেশন খুব জরুরি। মেডিটেশনের ওপর ভ্যাট আরোপ করা ঠিক হবে না। আমরা চাই না যে মেডিটেশনের ওপর ভ্যাট আরোপ করা হোক। এটা এক অদ্ভুত সিদ্ধান্ত! এটা মেনে নেওয়া যায় না।

হাসান, ব্যান্ডতারকা
সম্প্রতি বাজেটে মেডিটেশনের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। একজন সংগীতশিল্পী হিসেবে অনুরোধ করছি, সরকার যেন মেডিটেশনের ওপর থেকে ভ্যাট তুলে নেন।

সুজিত মোস্তফা, সংগীতশিল্পী
মেডিটেশনের সঙ্গে আমার সম্পৃক্ততা দীর্ঘ কয়েক বছরের। এটা শুরু করার আগে ঠিকমতো জানতাম না যে শরীর ও মনের ওপর এর একটা সুপ্রভাব আছে। আমার স্ত্রী-কন্যারাও মেডিটেশন করে। যখনই কোনো ধরনের শারীরিক সমস্যা বা অস্থিরতাবোধ করি, মেডিটেশন করে আমরা দারুণভাবে উপকৃত হই। আমার হৃদ্‌রোগের চিকিৎসক বলেছেন, ওষুধের বদলে মেডিটেশনে আপনার বেশি উপকার হবে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অন্তত থাকবে না। এ জন্য আমার মনে হয়, এটা আমাদের জীবনকে একটা সুন্দর পরিণতির দিকে নিয়ে যেতে সাহায্য করে। এর ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া মানে, মানুষের সুস্বাস্থ্য অর্জনে বাধা সৃষ্টি করা। সার্বিক বিবেচনায় মেডিটেশন থেকে ভ্যাট প্রত্যাহারে বিনীত আবেদন জানাচ্ছি।

ফাল্গুনী হামিদ, অভিনয়শিল্পী
আমি মনে করি, অস্থির সময়ে যে কাজ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখে এবং নৈতিকতাকে জাগিয়ে তোলে সেই সেবার ওপর ভ্যাট না নেওয়াই ভালো। মেডিটেশন, ভ্যাটের আওতায় আসা উচিত একেবারেই বাণিজ্যিক সেবাগুলো। সুন্দর মনের মানুষ তৈরি করতে না পারলে সুন্দর, উন্নত দেশ আশা করা যায় না। মেডিটেশন করে মানুষ উপলব্ধি করতে পারে যে সে একজন মানুষ এবং তার আত্মিক ক্ষমতা অনেক। মেডিটেশনের ওপর ভ্যাটের ব্যাপারটি নিয়ে আমাদের একটু ভাবা উচিত।

ইমন, চলচ্চিত্র অভিনেতা
আমি ২০১০ সাল থেকে নিয়মিত মেডিটেশন করছি। এতে শারীরিক, মানসিক ও পারিবারিকভাবে প্রশান্তি লাভ করছি। আমরা মিডিয়াকর্মীরা প্রচুর চাপ নিয়ে কাজ করি। এই চাপ কমাতে মেডিটেশন খুব কাজে দেয়। আমি মনে করি, এ রকম একটা সেবামূলক কাজে ভ্যাট আরোপ করা উচিত নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ, স্থায়ীভাবে মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নিন।

গোলাম সরোয়ার, নাট্য ও বাচন প্রশিক্ষক
মানুষের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য মেডিটেশনের বিকল্প নেই। আমি মনে করি যে সেবা থেকে আয় হয়, সেগুলোর ওপরে ভ্যাট আরোপ করা যেতে পারে। মেডিটেশন সেবা কোনো অর্থকরী কাজ বা ব্যবসা নয়। এর ওপর ভ্যাট প্রযোজ্য হওয়া উচিত নয়। মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মেডিটেশনের ওপর ভ্যাট প্রস্তাবটি পুনর্বিবেচনা করা হোক। প্রত্যাহার করা হোক।

মোমেনা চৌধুরী, অভিনেত্রী
আমি নিয়নিত মেডিটেশন করি। যাঁরা নিয়মিত মেডিটেশন করেন, তাঁরা সুস্থ থাকেন এবং থাকেন প্রশান্ত। মেডিটেশনের ওপর করারোপ করার প্রস্তাব করা হয়েছে। গত দুই বছর প্রস্তাব করেও মেডিটেশনের ওপর কর আরোপ করা হয়নি। সেটিই ছিল সরকারের প্রাজ্ঞ সিদ্ধান্ত। আমরা আশা করব, এবার স্থায়ীভাবে মেডিটেশনের ওপর কর প্রত্যাহার করা হবে।

কোনাল, কণ্ঠশিল্পী
মেডিটেশনের ওপর ভ্যাট! মানুষ এটা শিখে এসে নিজের মতো করে চর্চা করে। শিক্ষার ওপর ভ্যাট আরোপ করা বিরাট ভুল। আমরা কি কোনো কিছু শেখার জন্য ভ্যাট দিই? আমরা তো স্থিরতা, প্রশান্তি, মৌনতার জন্য মেডিটেশন করি। মেডিটেশনে বরং পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সরকারের উচিত পুরো জাতিকে মেডিটেশনে উদ্বুদ্ধ করতে এতে বিনিয়োগ করা। যাতে তরুণেরা মেডিটেশন শিখে প্রশান্তি লাভ করে।

খন্দকার ইসমাইল, টিভি অনুষ্ঠান উপস্থাপক
মানুষ মেডিটেশন করে প্রশান্তি এবং টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য। সেখানে ভ্যাট আরোপ অনেকটা শান্তি অর্জনের ওপর ভ্যাট আরোপের মতো। মেডিটেশন থেকে ভ্যাট প্রত্যাহার করা উচিত।

কাজী শুভ, কণ্ঠশিল্পী
যাঁরা ধ্যান করেন, সবার পক্ষ থেকে সরকারের প্রতি বিনীত আবেদন, মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নিন।

ইবরার টিপু, সুরকার
আমরা যাঁরা মেডিটেশন করে উপকৃত হয়েছি, তাঁরা কখনো চিন্তা করতে পারি না যে, এর ওপর ভ্যাট দিতে হবে! ইংল্যান্ড মেডিটেশন থেকে ভ্যাট নেয় না। পৃথিবীর সভ্য দেশগুলো মেডিটেশনে কোনো ভ্যাট নেয় না। আমার প্রত্যাশা, মেডিটেশন সেবার ওপর ভ্যাট আরোপ না করা হোক এবং চিরস্থায়ীভাবে এর ওপর থেকে ভ্যাট তুলে নেওয়া হোক।

দেলোয়ার আরজুদা শরফ, গীতিকার
মেডিটেশনের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানাই। মেডিটেশন সেবা থেকে চিরস্থায়ীভাবে ভ্যাট প্রত্যাহার করা হোক।

পারভেজ, কণ্ঠশিল্পী
মেডিটেশনের ওপর ভ্যাট, মেনে নেওয়া খুব কষ্টদায়ক। খুবই কষ্টকর। শিল্পচর্চার জন্য যেকোনো শিল্পীরই ধ্যান জরুরি। ধ্যানমগ্ন হওয়া, নিজের ওপরে আস্থা, নিয়ন্ত্রণের জন্য মেডিটেশন খুবই জরুরি। আমার মনে হয় না, মেডিটেশনের ওপরে কর আরোপ যুক্তিযুক্ত। সরকারের কাছে আকুল আবেদন, মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হোক।