মেধাস্বত্ব রক্ষায় শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা শুরু হলো একটি সংগঠনের, যারা দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের মেধাস্বত্বসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণ করবে। সম্প্রতি কপিরাইট অফিস থেকে নিবন্ধন নিয়েছে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফরমার সোসাইটি (বিএলসিপিএস) নামের এই সংগঠনটি। জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল তারা।
বিএলসিপিসের সভাপতি হয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তিনি সংগঠনটির কাজের ক্ষেত্র ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের দেশে দীর্ঘদিন ধরেই অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল ও এফএম রেডিওসহ বিভিন্ন মাধ্যম এবং ওয়েবসাইটে প্রচারিত কাজ থেকে শিল্পীরা রয়্যালটি পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। বিএলসিপিস সংশ্লিষ্ট সবার রয়্যালটি আদায়ের জন্যই গঠন করা হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে শিল্পীদের গান ব্যবহারের অনুমোদন এবং রয়্যালটি প্রদানের জন্য এই সংস্থার কাছে দায়বদ্ধ থাকবে। এই সংস্থা শিল্পীদের প্রাপ্য টাকা সংগ্রহ ও বিতরণের দায়িত্ব নেবে বলে সংগীতসংশ্লিষ্ট সবাইকে এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
গীতিকার, সুরকার ও শিল্পীরা কীভাবে সুবিধাবঞ্চিত হচ্ছেন এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করা হয় সম্মেলনে। সাবিনা ইয়াসমীন ছাড়াও উপস্থিত ছিলেন আলম খান, সুজিত মোস্তফা, হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, আইয়ুব বাচ্চু, শুভ্র দেব, শাফিন আহমেদ, শুভ্র দেব, মনির খান প্রমুখ।