
সোনালি চুলের মেয়েটির ঝকঝকে হাসি দেখলে মনটা ভালো হয়ে যাবেই। হারিয়ে যাওয়া মানুষদের তালিকায় তার ছবি দেখে মনটা খারাপ হবেই। আসলেই কি সে খুন হয়েছে? এমন মেয়েকে কেন খুন করবে তার স্বামী? গন গার্ল ছবিটি দেখতে দেখতে ‘ফিরে এসো এমি’—তার স্বামী নিকের সঙ্গে এমন আকুতি দর্শকদের মনও ছুঁয়ে যাবে। আস্তে আস্তে খুলবে মেয়েটির পেছনের চেহারা। খুন কি সে হয়েছে, নাকি নিজেই খুন করেছে? কিছুক্ষণের মধ্যেই খুনি সন্দেহ হওয়া স্বামীটিকে মনে হবে নেহাতই বেচারা। আর এমি, যার হাসি দেখে মুগ্ধ হয়েছিলেন আপনি, পর্দায় তাকে দেখেই ভাববেন, কী ভয়ংকর!
সুন্দরী মানেই তাঁকে আলাদাভাবে প্রমাণ দিতে হবে যে অভিনয়েও পাকা তিনি। চলচ্চিত্রজগতে নারী অভিনয়শিল্পীদের পরীক্ষার জায়গাটা কঠিনই। সে পরীক্ষায় উতরে যেতে বেশি দিন লাগল না রোজামুন্ড পাইকের। এক ছবি দিয়েই দর্শক-সমালোচক—সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বক্স অফিসও জমজমাট। রোজামুন্ডের অভিনয়ের প্রশংসার ঝাঁপি খুলেছে, আর বন্ধই হচ্ছে না। পুরস্কারের বন্যাও বইতে শুরু হয়েছে। নানা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনয়শিল্পী বিভাগে জিতে নিয়েছেন এক গাদা পুরস্কার। তবে ফসকে গেছে গোল্ডেন গ্লোব আর স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছেন। জুলিয়ান মুর, রিজ উইদারস্পুন, ফেলিসিটি জোনস ও মারিয়ন কোতিলারের সঙ্গে লড়বেন তিনি। জুলিয়ান মুরের কাছে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি, বলছেন সিনে সাংবাদিকেরা। তবু প্রথমবারের মনোনয়ন বলে কথা।
সদ্য মা হওয়া রোজামুন্ডের প্রতিক্রিয়া বেশ মজার। ‘খেতে চাইছে এমন এক শিশু প্রতিদিন সকালে ঘুম ভাঙায়। এই দিনে ঘুমটা ভাঙল দারুণ এক খবর শুনে!’ বলেছেন তিনি। একই সঙ্গে কিছুটা হতাশার কথাও বলেছেন, তাঁর মনোনয়নই কেন গন গার্ল সিনেমাটির একমাত্র অস্কার মনোনয়ন বলে।
বন্ড গার্ল থেকে গন গার্ল। ২০০২ সালে ডাই অ্যানাদার ডে সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখা ব্রিটিশ এই শিল্পীর। সেই ছবিতে জেমস বন্ডরূপী পিয়ার্স ব্রসন্যানের সঙ্গে ধুন্দুমার তলোয়ার লড়াই করে তাক লাগিয়েছিলেন। ঠিক দুই বছর পরে জনি ডেপের সঙ্গে দ্য লিবারটাইন ছবিতে অভিনয় করেন। ২০০৬ এ প্রাইড অ্যান্ড প্রেজুডিস। আর পরে জনি ইংলিশ, র্যাথ অব দ্য টাইটানস, জ্যাক রিচার ছবিগুলোতেও অভিনয় করেন। তবে খুব জনপ্রিয়তা পাননি, আর তাতেই যেন ভাগ্য খুলে যায় তাঁর। গন গার্ল ছবিটির জন্য এমি চরিত্রে এমন কাউকে চাওয়া হচ্ছিল, যিনি খুব একটা পরিচিত শিল্পী নন। রিজ উইদারস্পুন বাদ পড়ে গিয়েছিলেন সে কারণেই। ছবিটি প্রযোজনা করেছে রিজের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান প্যাসিফিক স্ট্যান্ডার্ড। তবে পরিচালক ডেভিড ফিনচারের মতোই মেনে নেন তিনি।
জ্যাক রিচার ছবিতে রোজামুন্ডকে দেখেই ফিনচার তাঁকে নির্বাচিত করেন গন গার্ল-এর জন্য। পরে পাঁচ ঘণ্টার আড্ডায় ফিনচার জানতে পারেন, সিনেমার এমির মতোই রোজামুন্ডও মা-বাবার একমাত্র সন্তান। ‘ক্রেজি এমি আর অ্যামেজিং এমি—দুটো চরিত্রেই সে দারুণ মানিয়ে যাবে।’ ভেবেছিলেন ফিনচার। হয়েছেও তাই।
তবে পর্দার এমির সঙ্গে আর কোনো মিল নেই রোজামুন্ড পাইকের। ব্যক্তিগত জীবনটা পর্দার আড়ালেই রাখতে চান তিনি। স্বামী রবিন ইউনিয়াক একজন গণিতবিদ। দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার।
ইয়াহু মুভিজ অবলম্বনে