মেয়েদের জন্য সোনম
আগামী আগস্ট মাসে শুরু হচ্ছে খুবসুরত ছবির শুটিং। এতে অভিনয় করছেন সোনম কাপুর। অনেকেই হয়তো মনে করতে পারবেন, এই একই নামে আরেকটি ছবি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। হূষিকেশ মুখার্জি পরিচালিত ওই ছবিটিই পুনর্নির্মাণ করা হচ্ছে। আশির দশকের খুবসুরত ছবিতে খুব সুন্দর অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন রেখা। ছবিটি জিতে নিয়েছিল ফিল্মফেয়ার পুরস্কার। সোনমের আশা, ‘আমার করা চরিত্রটির উচ্ছলতাই ছবির সবকিছু। তবে যতটুকু জেনেছি, আগের গল্পের সঙ্গে এবারের ছবিটির তেমন মিল নেই। তাই সবকিছু আমি আমার মতো করে করব। খুবসুরত ছবিতে রেখা চমৎকার অভিনয় করেছিলেন। আমি যদি তাঁর অভিনয়ের ১০ শতাংশও করতে পারি, তাহলে সেটাই হবে আমার জন্য দুর্দান্ত।’ সোনম জানিয়ে দিলেন, ছবিটি তিনি করছেন মূলত তরুণীদের কথা মাথায় রেখে। তিনি আধুনিক তরুণীদের মতোই ছবিতে নিজেকে উচ্ছল হিসেবে উপস্থাপন করতে চাইছেন মনে-প্রাণে। আইএএনএস।