মেয়ের জন্য কাজ থেকে ছুটি নিলেন আমির
সম্প্রতি ‘ধুম ৩’ ছবির শুটিং থেকে ছুটি নিয়ে মেয়ে ইরাকে সময় দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত বলিউডের অভিনেতা আমির খান। মেয়ের জন্মদিন উদযাপন করতেই তাঁর এ উদ্যোগ। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘মিড-ডে’ জানিয়েছে, আমির ও তাঁর সাবেক স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা। গত ৮ মে ছিল ইরার জন্মদিন। এজন্য আগে থেকেই ‘ধুম ৩’ ছবির প্রযোজক আদিত্য চোপড়ার কাছ থেকে ছুটি চেয়ে রেখেছিলেন আমির। আমির ৮ মে সকাল সাতটায় ছবির সেটে হাজির হয়ে নিজের অংশের শুটিংয়ে অংশ নেন। কাজ গুছিয়ে নিয়ে দুপুরের পরপরই সেখান থেকে চলে যান। পরে মেয়ে ইরার সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় তাঁকে। বিকেলে বান্দ্রায় অবস্থিত আমিরের বাড়িতে আসে ইরার কয়েকজন বন্ধু। তাঁদের সবাইকে নিয়ে সন্ধ্যার দিকে ঘুরতে বের হন আমির। মেয়েকে অবাক করে দিতে তিনি আগে থেকেই বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ইরা ও তাঁর বন্ধুদের সঙ্গে বেড়ানো শেষ করে বাড়িতে ফিরে জন্মদিন উদযাপন শুরু করেন আমির। কেক কাটার আগেই আমিরের বাড়িতে এসে হাজির হন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা। জীবনের বিশেষ দিনটিতে তাঁদের সবার শুভেচ্ছায় সিক্ত হন আমির কন্যা ইরা।