মেরিল স্ট্রিপের পাঁচ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ছবি, পুরস্কার আর মেরিল স্ট্রিপ—এরা দীর্ঘদিন ধরেই হাত ধরাধরি করে চলছে। মেরিল স্ট্রিপ এ পর্যন্ত ১৭ বার একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে জিতেছেন তিনবার। গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হন ২৭ বার; জিতেছেন আটবার। এ ছাড়া মেরিল স্ট্রিপ আরও অসংখ্য পুরস্কার জিতেছেন, যার তালিকা করলে নির্ধারিত শব্দসংখ্যার মধ্যে লেখাটি আর থাকবে না। গানও ভালো গাইতে পারেন মেরিল স্ট্রিপ। গায়িকা হিসেবে তিনি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিলেন ১৫ বার।পেশাজীবী মঞ্চ অভিনেত্রী হিসেবে মেরিল স্ট্রিপের অভিষেক ঘটে ১৯৭১ সালে দ্য প্লেবয় অব সেভিল-এর মাধ্যমে। ১৯৭৭ সালে টেলিভিশন চলচ্চিত্র দ্য ডেডলিয়েস্ট সিজন ছিল তাঁর প্রথম ছবি। একই বছরে জুলিয়া চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মেরিল স্ট্রিপের। এর পর থেকে আর থেমে থাকেননি তিনি।মেরিলের বড় পর্দার দ্বিতীয় ছবি ছিল দ্য ডিয়ার হান্টার। চলচ্চিত্র সমালোচনা এবং ব্যবসায়িক সাফল্য—উভয় দিক থেকেই দ্য ডিয়ার হান্টার (১৯৭৮) ও ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) তাঁর শুরুর দিককার এ দুই চলচ্চিত্র দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন মেরিল স্ট্রিপ। এর মধ্যে ক্রেমার ভার্সাস ক্রেমার অস্কারে সেরা হওয়ার পাশাপাশি তিনিও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান। এর পরে সোফিস চয়েজ (১৯৮২) থেকে আবার সেরা অভিনেত্রীর অস্কার পান তিনি। আর এবার একই পুরস্কার পেলেন দি আয়রন লেডি থেকে।মেরিল স্ট্রিপের সেরা পাঁচটি ছবি বেছে নেওয়া কঠিন। ১০টি বাছতে হলে সেটি হয়তো কষ্টকর হলেও সম্ভব হবে। এই পছন্দ একান্তই ব্যক্তিগত। তবে অনলাইন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে দর্শকের ভোটে সেরা ছবি বেছে নেওয়ার কাজটি করেছে। পাশাপাশি রয়েছে সমালোচকদের পছন্দ ও অপছন্দ। এসবের ভিত্তিতেই পাঁচটি ছবি বেছে নেওয়া হলো। এবার দ্য আয়রন লেডি ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্কার পেয়েছেন। বাছাইয়ের ক্ষেত্রে এই ছবিটি রাখা হয়নি।সোফিস চয়েজ১৯৮২ সালের ছবি, পরিচালক অ্যালান জে পাকুলা। বেশির ভাগ সমালোচক মানেন, এটাই মেরিল স্ট্রিপের অভিনয়-জীবনের সেরা ছবি। সোফি একজন পোলিশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বন্দিশিবিরে ছিল। সবচেয়ে বিখ্যাত দৃশ্যটির কথা বলি। বন্দিশিবিরে থাকার সময়কার কথা।সোফি ধরা পড়েছিল ছেলে ও মেয়েসহ। বাচ্চাদের বাঁচিয়ে রাখতে ছিল নাৎসিদের অনীহা। কারণ, বাচ্চাদের দিয়ে কাজ করানো যায় না। সোফিকে বলা হলো, তাকে যেকোনো একজনকে বেছে নিতে হবে, আরেকজন যাবে গ্যাস চেম্বারে। সোফি কাকে বাঁচাবে—ছেলে, না মেয়ে? মা হয়েও সোফি শেষ পর্যন্ত একজনকেই বেছে নিয়েছিল? কাকে? সোফির ছেলে বা মেয়েকে বেছে নেওয়ার সে সময়কার মুখের অভিব্যক্তিকে চলচ্চিত্রের সেরা একটি মুহূর্ত বলে ধরা হয়। যদিও মেরিলকে মাথায় রেখে এই চরিত্রটি নির্মাণ করা হয়নি। পরিচালকের পছন্দ ছিল উরসুলা আন্ড্রেস। মেরিল স্ট্রিপ চুরি করা একটি চিত্রনাট্য পড়ে রীতিমতো পরিচালকের পায়ের ওপর পড়েছিলেন চরিত্রটা পাওয়ার জন্য। তারপর তো ইতিহাস।ক্র্যামার ভার্সাস ক্র্যামারএই ছবির আবেগ বেশি টানবেই। মেরিল স্ট্রিপের সঙ্গে ছিলেন আরেক জীবন্ত কিংবদন্তি ডাস্টিন হফম্যান। রবার্ট বেনটনের পরিচালনায় এ ছবিটি ১৯৭৯ সালের। ছবিটি বিয়ে এবং বিয়ে ভাঙা নিয়ে। বিয়ে ভাঙার কী প্রভাব অন্যদের ওপরে পড়ে, সেটি নিয়েই এই ছবি। প্রভাবটি পড়েছিল টেড ক্র্যামার ও জোয়ানা ক্র্যামারের ছোট ছেলেটির ওপর।আউট অব আফ্রিকাসিডনি পোলকের রোমান্টিক ছবি। মেরিল স্ট্রিপের সঙ্গে আছেন রবার্ট রেডফোর্ড। ১৯৮৫ সালে অস্কারের সেরা ছবি। আফ্রিকার সৌন্দর্য তো আছেই, আর আছে মূল দুই চরিত্রের অভিনয়; সঙ্গে অসাধারণ ফটোগ্রাফি।দ্য ডিয়ার হান্টার১৯৭৮ সালে মুক্তি পাওয়া এই ছবি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে। মেরিল স্ট্রিপের সঙ্গে আছেন রবার্ট ডি নিরো ও ক্রিস্টোফার ওয়াকেন। সম্পর্ক, বন্ধুত্ব আর যুদ্ধের হতাশা নিয়ে তৈরি এই ছবি সেরা চলচ্চিত্রের অস্কার জিতেছিল। রাশিয়ার রুলেটের একটা দৃশ্য আছে, যা নিয়ে মুক্তির পর পরই তীব্র বিতর্ক হয়েছিল।ডাউট২০০৮ সালের এ ছবিটি একটি নাটক থেকে করা। জন প্যাট্রিক শ্যানলি পরিচালিত এ ছবিতে স্ট্রিপ অভিনয় করেছেন একজন নান-এর চরিত্রে। ছবিটির কাহিনি পরিচালকের নিজেরই পুলিৎজার পুরস্কার জিতে নেওয়া নাটক অবলম্বনে তৈরি। মেরিল স্ট্রিপ ছাড়াও ছিলেন ফিলিপ সিম্যুর হফম্যান, এমি অ্যাডামস এবং ভায়োলা ডেভিস। চারজনই অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ডাউট ছবিতে মেরিলের অভিনয় দেখাটা হয়ে থাকবে একটি অসাধারণ অভিজ্ঞতা।