মেরিল স্প্ল্যাশ-পারসোনার তিন শীর্ষ স্নিগ্ধকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নিগ্ধতা নিঃসন্দেহে সৌন্দর্যের প্রধানতম অনুষঙ্গগুলোর একটি। এ কারণেই স্নিগ্ধতার বিষয়টিকে নিজেদের প্রচারণায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে প্রসাধন উত্পাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। বাঙালি নারীর স্নিগ্ধ সৌন্দর্যকে আরও বড় পরিসরে তুলে ধরার জন্য হাতে হাত রেখে এগিয়ে এসেছে স্কয়ারের ব্র্যান্ড মেরিল স্প্ল্যাশ ও পারসোনা। গতকাল মঙ্গলবার এ দুয়ের যৌথ নামে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘মেরিল স্প্ল্যাশ-পারসোনা ইন্স্পায়ারিং ফ্রেশনেস’-এর চূড়ান্ত পর্বের ২৫ জন প্রতিযোগী তরুণীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিন সেরা স্নিগ্ধকন্যা। তাঁরা হলেন নুযহাত শাওম, আইরিন আমির ও সায়মা সুলতানা। প্রথমবারের মতো আয়োজিত এই স্নিগ্ধতা উত্সবে ‘মেরিল স্প্ল্যাশ-পারসোনা লিজেন্ডারি অ্যাওয়ার্ড ফর ইন্স্পায়ারিং ফ্রেশনেস’-এ অভিষিক্ত করা হয় বাংলাদেশ তথা এই উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমকে। গতকাল রাতে বরেণ্য এই সংগীত ব্যক্তিত্বের হাতে বিশেষ সম্মাননা পদক তুলে দেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও পারসোনার কর্ণধার কানিজ আলমাস খান।জমকালো অনুষ্ঠানে ছিল ভিন্ন ভিন্ন আঙ্গিকে বাঙালি নারীর অনাবিল স্নিগ্ধতা নিয়ে ২৫ ‘স্নিগ্ধকন্যার’ একটি বিশেষ পরিবেশনা। নানান সাজে নিজেদের উপস্থাপন করেছেন তাঁরা। কখনো পেশাজীবনকে উপস্থাপন করেছেন, কখনো সেজেছেন কল্পনার পরি। কেউ কেউ ফিরে গেছেন শৈশব কিংবা কৈশোরে। অনুষ্ঠানের একটি পর্বে সংগীত পরিবেশন করে গানের দল ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।পাঁচ মাসব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বরণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, মনস্তত্ত্ববিদ শাহীন ইসলাম ও ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ। গতকাল রাতে বিচারকেরা সবাই উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ক্রেস্ট ছাড়াও সেরা তিনজন পান এক লাখ টাকা করে। ২৫ স্নিগ্ধকন্যাকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে মিরপুরের পারসোনা ইনস্টিটিউটে হয়েছে ১৫ দিনের এক বিশেষ প্রশিক্ষণ।