মেরিলিনের অনুপ্রেরণায় সাজ
অর্ধশতাব্দী হয়ে গেল তিনি নেই। ৫ আগস্ট ছিল তাঁর ৫০ তম মৃত্যুদিন। খ্যাতি আর সাফল্যের চূড়ায় উঠেও, মাত্র ৩৬ বছর বয়সে তাঁর মনে হয়েছিল বেঁচে থাকার আর কোনো মানে নেই। তিনি আত্মহত্যা করেছেন, নাকি অতিরিক্ত ঘুমের ওষুধের প্রভাবে তাঁর মৃত্যু হয়েছে—সে বিতর্ক রয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে তাঁর সম্পর্কটাই বা কেমন ছিল? সারা বিশ্বের লাখো মানুষের কামনার মানুষ হয়েও তিনি কাছে পেলেন না তাঁর পছন্দের মানুষটিকে। এই হতাশা থেকেই কি নিজেকে শেষ করে দেওয়া? সেভেন ইয়ার ইচ ছবিটার নামই হয়তো অনেকে শোনেননি। তবে সাদা পোশাক পরা মেয়েটির বাতাসে পোশাক উড়ে যাওয়ার সেই দৃশ্য দেখে বুকটা কেমন কেমন করে ওঠেনি—এমন মানুষের সংখ্যা কম। পরে কতবার কত বিজ্ঞাপনে, সিনেমায় কত অভিনেত্রী সেই দৃশ্যটারই পুনরাবৃত্তি করলেন! কিন্তু তাঁর মতো হয়েছে কি? তাঁকে অনুকরণ করেছেন অনেকে, তাঁর মতো হয়ে ওঠেননি কেউই। ফ্যাশন বা সিনেমার জগতে মেরিলিন মনরোর নামটা এখনো আলোড়ন তোলে। তাঁর প্লাটিনাম ব্লন্ড চুল, আঁটসাঁট পোশাক, ঝকঝকে সাদা হাসির আবেদন এখনো অম্লান। রাতে ঘুমাতে যান কী পরে? এমন প্রশ্নের জবাবে আর কে বলতে পারে ‘কেন, শ্যানেল নাম্বার ফাইভ’! মেরিলিনের অনুপ্রেরণায় সাজপোশাক করেছেন এ সময়ের অনেক হলিউড তারকা। দেখে নিন তাদেরই কয়েকজনকে। রুহিনা তাসকিন