মেরী রাশেদীনের 'জলঝর্ণার ধ্বনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরী রাশেদীন
মেরী রাশেদীন

কানাডাপ্রবাসী আবৃত্তিশিল্পী মেরী রাশেদীনের নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। নাম ‘জলঝর্ণার ধ্বনি’। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আবৃত্তি মেলা থেকে এই অ্যালবামটি প্রকাশিত হয়েছে। এটি এই আবৃত্তিশিল্পীর চার নম্বর আবৃত্তির অ্যালবাম।

‘জলঝর্ণার ধ্বনি’ নামকরণ প্রসঙ্গে মেরী রাশেদীন বলেন, ‘পৃথিবীজুড়ে আমরা এখন এক ধরনের অরাজকতার মধ্য দিয়েই যাচ্ছি। এত প্রতিকূলতার মধ্যে আমরা যেন নিজেদের সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রাখতে পারি, তারই সংগ্রাম করে যাচ্ছি। আর সেই কারণে আমার অ্যালবামের নামকরণ করেছি ‘‘জলঝর্ণার ধ্বনি’’। এটা একটা প্রেরণা। জীবনানন্দ দাশের কবিতা ‘‘হে হৃদয়’’ থেকে নামটা নেওয়া হয়েছে।’

‘জলঝর্ণার ধ্বনি’ অ্যালবামে মোট ১৭টি কবিতা রয়েছে। এতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, রুদ্র মুহাম্মদ শহীদুল্লা, জীবনানন্দ দাশ, আসাদ চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তুষার গায়েন ও খোন্দকার আশরাফ হোসেনের কবিতা।

মেরী রাশেদীনের প্রথম আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে। নাম ‘অনন্ত স্বপ্নের উৎস’। একই বছরে ‘পরিচয়’ ও ‘ময়ূরপঙ্খী’ নামের আরও দুটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

‘জলঝর্ণার ধ্বনি’ অ্যালবামটি প্রকাশে এতটা সময় নেওয়া প্রসঙ্গে মেরী রাশেদীন বলেন, ‘যেহেতু আমি দেশের বাইরে থাকি সেটা একটা বড় কারণ। ২০১০ সালের শেষের দিকে আমি আবারও দেশের বাইরে চলে যাই। এর মধ্যে আর দেশে আসা হয়ে ওঠেনি। দেশে এসেই অ্যালবাম করলাম।’

‘জলঝর্ণার ধ্বনি’ নির্দেশনা দিয়েছেন মাহিদুল ইসলাম। আর আবহ বিন্যাস করেছেন মোহাম্মদ সেলিম।