মেলবোর্নে 'জালালের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিতের চারুলতা, নায়ক, সৃজিতের চতুষ্কোণ আর বলিউডে আলোচিত মার্গারিটা উইথ অা স্ট্র থাকছে এবারের ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর প্রদর্শিত ছবির তালিকায়। তা ছাড়া বজরঙ্গি ভাইজান-এর পর সাইফ আলী খান ও ক্যাটরিনা অভিনীত পরিচালক কবির খানের নতুন ছবি ফ্যান্টম-এরও এ উৎসবে হবে ওয়ার্ল্ড প্রিমিয়ার। এ তো সব বলিউডপ্রেমীদের জন্য খবর। তবে খবরের শেষ এখানেই নয়। এ উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি ছবিও। আবু শাহেদ ইমনের জালালের গল্প এ উৎসবের ‘ফিল্মস ফ্রম সাবকন্টিনেন্ট’ বিভাগে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে। বলিউডে নামীদামি তারকাদের সামনে প্রদর্শিত হবে বাংলাদেশের এই ছবিটি।
১৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে শুরু হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০১৫’। এটি শেষ হবে ২৭ আগস্ট। ভারতের পাশাপাশি উৎসবে বাংলাদেশ, পাকিস্তান ও ভুটানের চলচ্চিত্রও দেখানো হবে। জালালের গল্প-এর পাশাপাশি ‘ফিল্মস ফ্রম সাবকন্টিনেন্ট’ বিভাগে দেখানো হবে পাকিস্তানের ছবি আবদুল্লাহ, বুরকা অ্যাভেঞ্জার, দুখতার, নেপালের ছবি লাভ? লাস্ট? লাইফ? ও ভুটানের ছবি ভারা: আ ব্লেসিং।
এবারের উৎসবের অতিথি তালিকায় থাকছেন অনিল কাপুর, সোনম কাপুর, ইমরান খান, কঙ্গনা রনৌত, বাঙালি চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি ছাড়াও বলিউডের চেনা অনেক মুখই অংশ নেবে এ উৎসবে। শুরু থেকেই এ উৎসবের দূত হিসেবে কাজ করে আসছেন অভিনেত্রী বিদ্যা বালান। তাই তাঁর উপস্থিতি থাকবে এবারের উৎসবেও।
মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরা ২২ আগস্ট স্থানীয় সময় বেলা দুইটায় ‘হয়ট্স হাইপয়েন্ট’-এ জালালের গল্প ছবির প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস, মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।