পৃথিবীতে মা আর সন্তানের সম্পর্ক গভীরতম। সন্তানের কাছে সবচেয়ে মধুর শব্দও এই ‘মা’। মা আর সন্তানের এই গভীরতম সম্পর্কের কাছে বাকি সব সম্পর্কই যেন গৌণ। তুলনাবহির্ভূত এক উচ্চাসনে মায়ের স্থান। গতকাল ছিল ‘নিরাপদ মাতৃত্ব দিবস’। রাজধানীর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল ‘মায়ের কথা’ নামে এক ভিন্নধর্মী মেলা।
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সব শ্রেণীর মায়েদের সচেতন করে তুলতে যৌথভাবে এই মেলার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট ও চ্যানেল আই।
প্রথম বছর ‘মায়ের কথা’য় শুরু হলো মায়েদের স্বাস্থ্যসেবার জন্য আরও একটি নতুন কার্যক্রম ‘স্বর্ণকিশোরী’। বিজিএমইএ, সূর্যের হাসি ও চ্যানেল আই যৌথভাবে তথ্য ও সেবা দিয়ে এই নেটওয়ার্ক পরিচালনা করবে। মেলায় স্বর্ণকিশোরী কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির, ফরিদুর রেজা সাগর প্রমুখ। এই অনুষ্ঠানে চ্যানেল আইতে প্রচারিত ‘আমি মা হতে চলেছি’ অনুষ্ঠানটির ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে মাকে নিয়ে গান গেয়েছেন খুরশীদ আলম, সাদি মহম্মদ, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, মমতাজ, জেমস, পলাশ, কনা, রাশেদ ও কোনাল। মাকে নিয়ে এক চমৎকার কোরিওগ্রাফি করেন শিবলী মহম্মদ। ছিল প্রজনন স্বাস্থ্যসেবার তথ্য দিয়ে গম্ভীরা পরিবেশন ও মিনা কার্টুনের রূপায়ণ।
কিনু কাহারের থেটার
পুতনা রাজ্যের রাজার ঘনিষ্ঠ বন্ধু উজির এক নারীর শ্লীলতাহানি ঘটায়। রাজা পড়ল মহাসংকটে। সিদ্ধান্ত হলো, রাজার চাকর ঘণ্টাকর্ণ অর্থের বিনিময়ে দোষ নিজের কাঁধে নেবে। যেন অর্থ দিয়ে শাস্তি কেনা! একদিন রাজাকে ছাগল হত্যার দায়ে অভিযুক্ত করা হলো। তখন রাজা বলল, ‘ভয় কী, আমার তো মাইনে করা চাকর ঘণ্টাকর্ণ আছেই। সে-ই নেবে সব শাস্তি।’
কিনু কাহারের থেটার নাটকের গল্পটি এ রকম। মঞ্চস্থ হয় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। মনোজ মিত্রের লেখা নাটকটি প্রযোজনা করেছে প্রাচ্যনাট। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, বিলকিস বানু, রন্তিক বিপু, নাসিফুল ওয়ালিদ, হীরা চৌধুরী প্রমুখ।
চলচ্চিত্র পাঠচক্র
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে তিন মাস মেয়াদি ‘চলচ্চিত্র পাঠচক্র ২০১৩’। পাঠচক্রে পাঠ দেবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহউদ্দিন শাকের, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ প্রকৌশলী রতন পাল, অধ্যাপক ফাহমিদুল হকসহ আরও অনেকে। পাঠচক্র শুরু হবে ১৪ জুন। নিবন্ধনের শেষ তারিখ ১০ জুন।
যোগাযোগ: কক্ষ নম্বর ৭০১, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা। ফোন: ০১৬৭৫ ৩৩৮ ৬২২, ০১৮১৫ ১১০ ২৮২। বিজ্ঞপ্তি।