মেলার যাত্রায় উজ্জ্বল অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শেষ মুহূর্তে এসে মেলা-পার্বণে যাত্রাগানে উজ্জ্বল অভিনয় দেখছেন শ্রোতা-দর্শক। এর আগে মেলার যাত্রাগান নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছিল। একটি দলের তিনজন নৃত্যশিল্পীর জেল-জরিমানা ও অন্য একটি দলের আটজন নৃত্যশিল্পীকে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকার কাছে সোনারগাঁয়ে একটি মেলার প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনগণ। মৌসুম শুরু হওয়ার পর থেকে লাগামছাড়াভাবে চলতে থাকে যাত্রাদলগুলো। শেষ মুহূর্তে এসে কেন যে এমন হলো, তা বোঝা গেল না। জয়পুরহাটের গোপীনাথপুর মেলায় একই সঙ্গে তিনটি দলের গান হচ্ছে। প্রতি রাতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে যাত্রার প্যান্ডেলে। সাতক্ষীরার নিউ ভোলানাথ অপেরা, কানসাটের চৈতালী অপেরা ও যশোরের চ্যালেঞ্জার অপেরা প্রতিযোগিতামূলক মঞ্চায়নে নেমেছে। দর্শক আজ চৈতালীর পালা দেখছেন তো কাল ভোলানাথের। পরশু দেখছেন চ্যালেঞ্জারের পালা। এভাবে ঘুরে-ফিরে সব দর্শকই তিনটি দলের পালা দেখছেন। কেউ কেউ ভালো লাগা একটি দলের পালা একাধিকবার দেখছেন। খানশ্যামাপুরের আবদুস সামাদ মিয়া একজন কাঠব্যবসায়ী। মেলায় ফার্নিচারের দোকানে টাকা নিতে এসেছেন। পালা দেখেছেন তিনটি দলেরই। থাকবেন আরও কয়েক দিন। যে কয়েক দিন থাকবেন, নিউ ভোলানাথের পালা দেখবেন তিনি। দিনাজপুরের বীরগঞ্জ থেকে আসা মিষ্টিব্যবসায়ী আক্কাস ফকির জানান, অন্যবারের মতো এবার মাত্রাহীন যাত্রা হচ্ছে না। প্রতিটি দলের প্রযোজনাতেই নান্দনিকতা আছে। এই মেলার যাত্রাগানের দর্শকের কাতারে দোকানিরাও থাকছেন। এ কারণে রাত যত গভীর হচ্ছে, প্যান্ডেল ততই কানায় কানায় পূর্ণ হচ্ছে। প্রযোজনাগুণে মুগ্ধ শ্রোতা-দর্শক তাই রাত নামলেই ছুটে আসছেন যাত্রার আসরে।চৈতালীর দেবী সুলতানা, মা মাটি মানুষ; ভোলানাথের মানবী দেবী, জেল থেকে বলছি; চ্যালেঞ্জারের গুরু দক্ষিণা, সাত পাকে বাঁধা পালা দেখেছেন একাধিক দর্শক। এবারের মেলানুষ্ঠানে যাত্রা দেখে খুশি তাঁরা। অনুরূপ খুশি তিনটি দলের পালা নির্দেশকেরা। চৈতালীর কবির খান, চ্যালেঞ্জারের ওয়াসীম, ভোলানাথের দুলাল ঘোষ জানান, অভিনয় দেখাতে পেরে তাঁরা ভীষণ খুশি। ‘যাত্রাগানে দর্শক-শ্রোতার সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের বেশি তফাত থাকে না। প্রাণঢালা অভিনয় হলে দর্শক খুশি থাকেন, আমরাও অভিনয় করে তৃপ্তি পাই।’সরজমিনে দেখা গেছে, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মেলানুষ্ঠানে নিউ রংধনু অপেরার পালা দেখতে টাঙ্গাইল, পাবনা ও দিনাজপুর থেকেও দর্শক এসেছেন। দলটির ‘জীবন এক জংশন’ পালা শুরু হয় রাত ১১টায়, শেষ হয় পাঁচটায়। মধ্যে কিছুক্ষণ নৃত্যগীত পরিবেশন করা হয় বিভিন্ন তাললয়ে। আলাপকালে দর্শকেরা জানান, ঐতিহ্যবাহী যাত্রাশিল্প যুগোপযোগী ও জীবনঘনিষ্ঠ চিন্তা-চেতনায় নবতর উত্তরণ ঘটেছে।