মেহজাবিন-নিরব বাদ পড়লেন যেভাবে

‘পরবাসিনী’ ছবি থেকে বাদ পড়লেন মেহজাবিন-নিরব। ছবি থেকে বাদ পড়ার পেছনে তাঁদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও অদক্ষ অভিনয়ের অভিযোগ তুলেছেন ছবির পরিচালক স্বপন আহমেদ। কিন্তু পরিচালকের এমন অভিযোগ অস্বীকার করেছেন মেহজাবিন ও নিরব।
তিন বছর আগে লাক্স তারকাখ্যাত অভিনেত্রী মেহজাবিন এবং মডেল, টিভি নাটক-চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরবকে নিয়ে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘পরবাসিনী’ ছবির শুটিং শুরু হয়েছিল। বেশ কিছুদিন হলো এর শুটিং শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশন ও যাবতীয় কাজ শেষে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। আর সেন্সর ছাড়পত্র মিললেই ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি। কিন্তু ‘পরবাসিনী’ ছবি মুক্তির দিন কাছে আসার আগে যাঁদের নিয়ে ছবির শুটিং শুরু হয়েছিল তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে স্বপন আহমেদ বলেন, ‘নিরব ও মেহজাবিনকে নিয়ে যেসব দৃশ্যের শুটিং করেছি, ছবি থেকে তা বাদ দিয়ে দিয়েছি। নতুন করে আবার এসব দৃশ্যের শুটিং করতে হয়েছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ছবির মান ঠিক রাখার কারণে এই ক্ষতি আমাকে মেনে নিতে হয়েছে।’

বাদ দেওয়ার কারণ প্রসঙ্গে স্বপন আহমেদ বলেন, ‘প্রযোজকের আগ্রহে নিরব ও মেহজাবিনকে নিয়ে ‘‘পরবাসিনী’’ ছবির শুটিং শুরু করি। কাজ করতে গিয়ে মনে হয়েছে, তাঁরা অপেশাদার মানসিকতার। অভিনয়েও অদক্ষ। এমনকি শুটিং চলার সময় ছবিটি নিয়ে নানা ধরনের উল্টাপাল্টা মন্তব্যও করেছেন। তাই বাধ্য হয়েই বাদ দিয়েছি।’
এদিকে ‘পরবাসিনী’ ছবি থেকে বাদ পড়ার ব্যাপারে নাকি কিছুই জানেন না নিরব! বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘তিন বছর আগে আমাকে ও মেহজাবিনকে নিয়ে সিলেটের লাউয়াছড়ায় ‘‘পরবাসিনী’’ ছবির শুটিং শুরু হয়। দুই দিন শুটিং করি। এরপর ঢাকায় ফিরে আসি। ঢাকায় এসে আরও কিছু অংশের কাজ করি। সব মিলিয়ে আমি চার দিন ছবিটির শুটিং করি। আর যত দূর জানি, মেহজাবিন দুই দিন শুটিং করেছে। এই কদিনে কী ছবির শুটিং শেষ হয়ে যায়! ’
নিরব এও বলেন, ‘শুটিংয়ের মাঝে জানতে পারি ইমন এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তারপর দেখলাম, আমাদের সঙ্গে শুরুর দিকে যেভাবে কথা হয়েছিল সেভাবে কোনো কিছুই হচ্ছে না। পুরো ব্যাপারগুলো রহস্যময় মনে হয়। একটা পর্যায়ে তো শুটিংয়ের ব্যাপারে আমাদের সঙ্গে আর কোনো কথা বলারই প্রয়োজন মনে করেননি পরিচালক। এখন যদি এমন কোনো কিছু হয়, তাহলে সেটা তো প্রতারণা ছাড়া আর কিছুই না। আমি চলচ্চিত্রশিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করব। শোবিজে আমার ১০ বছরের বেশি সময়ের ক্যারিয়ার। আমার একটা ইমেজ আছে। ‘‘পরবাসিনী’’র মতো একটি ছবির কারণে আমার ইমেজ তো নষ্ট হতে দিতে পারি না। আমার ইমেজ নিয়ে টানাটানি করার অধিকার কারও নেই।’
এদিকে অপেশাদার আচরণ ও অদক্ষ অভিনয়ের অভিযোগ প্রসঙ্গে নিরব বলেন, ‘চার দিন ধরে যে শুটিং করলাম তখন তো অপেশাদার আচরণ আর অদক্ষ অভিনয় নিয়ে কোনো কথা উঠল না! এখন কেন এসব প্রশ্ন আসছে! স্বপন আহমেদ যদি এ ধরনের কোনো অভিযোগ করেও থাকেন তাহলে তা পুরোপুরি বানোয়াট, ভিত্তিহীন এবং মনগড়া। আমি তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি।’

এদিকে ‘পরবাসিনী’ ছবি থেকে বাদ পড়ার খবরে মেহজাবিন বেশ খুশি। বললেন, ‘‘‘পরবাসিনী’’ ছবি থেকে আমার শুটিংয়ের দৃশ্যগুলো বাদ যাবে- এমন কথা অনেক আগে শুনেছি। এখন যদি তা বাস্তবে ঘটে, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি। সত্যি কথা বলতে, আমার সঙ্গে শুরুতে যেমন কথা হয়েছিল শুটিং শুরুর পর ছবির গল্প তেমন ছিল না। এ ছাড়া নতুন বেশ কয়েকজন অভিনয়শিল্পীও যুক্ত হন। সেসময় বিষয়গুলো আমার মোটেও ভালো লাগেনি। এসব নিয়ে তখন অনেক কথা-কাটাকাটিও হয়েছে।’
অপেশাদার আচরণ ও অদক্ষ অভিনয়ের অভিযোগ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বাংলাদেশের অনেক নির্মাতার সঙ্গে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবারই প্রথম শুনলাম। বিষয়টিতে আমার অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।’
স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ যৌথ প্রযোজনার ছবি। নিরব-মেহজাবিন বাদ পড়ার পর এখন ছবিটির বিভিন্ন চরিত্রে আছেন ইমন, হৃদি মজুমদার, সোহেল খান, দাউদ রনি, অপ্সরা, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ বেশ কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী। এ ছাড়া ছবিটির একটি আইটেম গানে ইমনের সঙ্গে নেচেছেন বলিউডের অভিনেত্রী উর্বশী।