মেহজাবিন-ফারিয়ার ভার্চুয়াল যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহজাবিন ও ফারিয়া
মেহজাবিন ও ফারিয়া

লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিনের সঙ্গে ভার্চুয়াল যুদ্ধে জড়িয়েছেন উঠতি মডেল শবনম ফারিয়া।  ফারিয়া তাঁর ফেসবুক পাতায় জাহিদ হাসান ও মেহজাবিনকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করায় বেজায় চটেছেন মেহজাবিন। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের মধ্যে রীতিমতো ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রথম আলো ডটকমকে মেহজাবিন বলেন, ‘শুনেছি অনেক দিন থেকে ফেসবুকে ফারিয়া আমাকে নিয়ে নানা ধরনের কুত্সা রটাচ্ছিল। সর্বশেষ তাঁর ফেসবুকে পাতায় পোস্ট করা আপত্তিকর ছবিটিতে আমি বিস্মিত হয়েছি। মিডিয়াতে আমার একটা পরিচিতি রয়েছে। সুনামের সঙ্গে কাজ করছি। কিন্তু ফারিয়ার মতো একজন উঠতি মডেলের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমি শুধু তাঁকে সংযত হওয়ার জন্য অনুরোধ করছি।’
এদিকে ছবিটি পোস্ট করার কারণ হিসেবে শবনম ফারিয়া বলেন, ‘জাহিদ ভাই আমার খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী। মেহজাবিনও আমার পছন্দের মডেল। তবে তাঁর সঙ্গে আমার খুব একটা ঘনিষ্ঠতা নেই। ফেসবুকে এখন অনেকেই ছবি দিয়ে মজা করে। আমিও পুরো ব্যাপারটিকে মজা হিসেবে দেখেছি। কিন্তু এ বিষয়টাতে মেহজাবিন যে এতটা ক্ষুব্ধ হবেন ভাবিনি।’
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিডিয়াতে আগমন হয় মেহজাবিনের। এরপর বিজ্ঞাপনচিত্র এবং টিভি নাটকেও নিয়মিত করে চলছেন। সম্প্রতি তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে শবনম ফারিয়াও মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে নাম লেখান। ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই মডেল এয়ারটেল প্রযোজিত আদনান আল রাজীবের পরিচালনায় ‘অ্যাট এইটিন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আলোচিত হন।