মেহরাবের কণ্ঠে বাবার লেখা গান
২০০৫ সালের ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার শীর্ষ দশের একজন মেহরাব। এবারই প্রথম নিজের একক অ্যালবাম করলেন তিনি। নাম সাইরেন। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজন করা হয় ‘বৈশাখের গান বাংলার প্রাণ’ অনুষ্ঠান। এই মঞ্চে মেহরাবের নতুন অ্যালবামের মোড়ক খুললেন শাফিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, নকিব খান ও প্রিন্স মাহমুদ।নতুন অ্যালবামে মেহরাব তাঁর বাবার লেখা গান করেছেন। তাঁর বাবা আমীনুর রহমান জানিয়েছেন, নিয়মিত নয়, ছেলের জন্যই গান লিখেছেন তিনি। দুটি গান লিখেছেন মেহরাবের বন্ধু ডানক্যান পেরেরা। ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার পর এবারই প্রথম একক অ্যালবাম করলেন মেহরাব। এর ফাঁকে দ্বৈত ও মিশ্র অ্যালবামে গান করেছেন তিনি। এই অ্যালবাম নিয়ে কথা বলার জন্য মেহরাবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, কয়েকটি অনুষ্ঠানে গান করার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সাইরেন প্রযোজনা করেছে গানচিল।