মেহরাবের গানের দল'ক্লাবস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্লাবস’
‘ক্লাবস’

‘ক্লাবস’ নামে নতুন একটি গানের দল গড়লেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়ক মেহরাব। সম্প্রতি এনটিভির এক লাইভ অনুষ্ঠানে গান করার মধ্য দিয়ে ব্যান্ডটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই গায়ক।
এ প্রসঙ্গে মেহরাব জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই গানের দল বা ব্যান্ডের প্রতি ঝোঁক ছিল আমার। ২০০৩ সাল থেকে বন্ধুরা মিলে একটা ফর্ম গড়েও তুলেছিলাম। মাঝে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। এ বছরের ১৭ জানুয়ারি থেকে আবারও একসঙ্গে কাজ শুরু করি। তখনই নামটা চূড়ান্ত হয়। এতদিন চর্চা করেছি আর নতুন গান বেঁধেছি। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম।’ 
ডিসকো, পপ, রক এবং ফিউশন ধাঁচের গান করবে ক্লাবস। এরই মধ্যে ব্যান্ডের প্রথম একক অ্যালবামের গানের কাজও প্রায় শেষ করে ফেলেছেন ব্যান্ডের সদস্যরা। এখন চলছে মিক্স মাস্টারিং এবং সাউন্ড ডিজাইনের কাজ। খুব শিগগিরই অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্য দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করেন মেহরাব। এরই মধ্যে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর ব্যান্ড ‘ক্লাবস’ কতদূর যেতে পারে এবার সেটা দেখার পালা। 

পাঁচ সদস্যের ‘ক্লাবস’ ব্যান্ডের সদস্যরা হলেন—মেহরাব (ভোকাল ও গিটার), তারেক (ভোকাল ও গিটার), মুসান্না (ভোকাল ও ড্রামস), অপু (ভোকাল ও কী-বোর্ড) এবং তুষার (বেজ গিটার)।