মেহেরপুরে বলরাম ধামে উৎসব শুরু
মেহেরপুরে গতকাল বুধবার থেকে প্রভু ধামে বলরাম হাড়ি সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক আরাধনা উৎসব শুরু হয়েছে। সকাল নয়টায় প্রভু ধামে সাধু, গুরু ও বৈষ্ণবদের এক সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতবর্ষের অন্যান্য স্থান থেকে এই সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত এখন মেহেরপুরে সমবেত হয়েছেন। বসেছে জমজমাট মেলা। উৎসব চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।আশ্রম কমিটির সভাপতি রহিত হালদার জানান, বলরাম ও লালন শাহ উভয়েই সমসাময়িক সময়ের দুই সাধক ছিলেন। মানুষের মঙ্গল চিন্তায় তাঁরা নিজেদের উৎসর্গ করেছিলেন। বলরাম গানের সঙ্গে লালনের গানের মিল রয়েছে। ১৭৯৫ সালে মেহেরপুর শহরের মালোপাড়ায় জম্মগ্রহণ করেন বলরাম হাড়ি।এখানে অপেক্ষাকৃত একটি উঁচু স্থানে শ্রীচৈতন্য-প্রবর্তিত নববৈষ্ণম ধর্মের উপশাখা বলরাম সমপ্রদায়ের প্রধান কেন্দ্র। অষ্টাদশ শতকের শেষের দিকে এবং উনিশ শতকে বিপুলসংখ্যক নিম্নবর্ণের হিন্দু হাড়ি ধর্মে আকৃষ্ট হয়ে দীক্ষিত হয়েছিলেন। এই সম্প্রদায়কে উপাস বা কর্তাভজা সস্প্রদায় বলা হয়।আশ্রম কমিটির সাধারণ সম্পাদক অনন্ত কুমার দাস জানান, বলরামের এই বারুণী তিথিতে প্রতিবছরই মেলা বসে। ভক্তরা গিয়ে তিথি দর্শন, প্রভুর ভোগ অর্পণ, মানবধর্মে বলরামের প্রভাব নিয়ে আলোচনা, বলরামের রচিত গান ও কবিতা আবৃত্তি করেন।