জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে হয়ে গেল ‘যাত্রা উৎসব’। পাঁচ দিনের এই উৎসবের প্রথম দিন ৮ জানুয়ারি মঞ্চস্থ হয় জেলা শিল্পকলা একাডেমির দেবী সুলতানা। এরপর অন্য দিনগুলোয় মঞ্চস্থ হয় গাংনীর সীমান্ত নাট্যগোষ্ঠীর স্বামীর চিতা জ্বলছে, প্রান্তিক নাট্যগোষ্ঠীর জেল থেকে বলছি, রায়পুর জাগরণী ক্লাবের হাসির হাটে কান্না ও রাধাকান্তপুর চাষি ক্লাবের অনুসন্ধান। অপসংস্কৃতি আর অশ্লীলতা না থাকায় প্রতিদিন সুস্থ ধারার যাত্রা দেখতে আসেন অসংখ্য দর্শক। মুগ্ধ হয়েছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও।
যাত্রাভিনেতা সাইদুর রহমান বলেন, ‘আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যাত্রা খারাপ হয় না, কিছু মানুষ এই যাত্রাকে খারাপ করেছে। যাত্রা মরেনি, যাত্রা সবার মধ্যে আছে, যাত্রা বাঙালির মনে গেঁথে আছে।’
যাত্রা দেখতে আসা কল্পনা আক্তার বলেন, ‘আমার ধারণা ছিল, যাত্রা মানেই অশ্লীলতা। কিন্তু এখানে তার কিছুই ছিল না।’
মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও লোকগবেষক আবদুল্লাহ আল আমিন বলেন, ‘সমাজ পরিবর্তনের একটি বড় হাতিয়ার হলো এই যাত্রা।’
মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, ‘যাত্রাশিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এ শিল্পকে টিকিয়ে রাখতে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে ভবিষ্যতেও যাত্রা উৎসবের আয়োজন করা হবে।’