
বাঙালি কন্যা মোনালী ঠাকুর এখন আর শুধু বাংলায় সীমাবদ্ধ নন। পুরো ভারতেই এখন তাঁর চর্চা। সম্প্রতি দম লাগাকে হাইশা ছবির ‘মোহ কি ধাগে’ গানটি উঠেছে সেরা দশ গানের তালিকায়। তা ছাড়া এ গায়িকা আবারও নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। পাশাপাশি বসেন ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ আয়োজনের বিচারকের আসনে। মোট কথা, ভারতীয় গানের দুনিয়া এখন অনেকটাই মোনালীময়!
একেবারে গুঁটি গুঁটি পায়ে যখন হাঁটতে শেখেন মোনালী, তখন থেকেই তাঁর পা শুধু মঞ্চের দিকেই এগিয়েছে। কখনো গাইতে, কখনো নাচতে, কখনো বা অভিনয়ের জন্য। মাত্র ১৪ বছর বয়সেই জেতেন প্রাদেশিক বড় বড় সব পুরস্কার। এরপর নাম লেখান অভিনয়ে। কলকাতার ইটিভি বাংলার ধারাবাহিক আলোকিত এক ইন্দুর ‘ইন্দু’ চরিত্রে অভিনয় করে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে যান। এরপরই আসে তাঁর জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি। ‘ইন্ডিয়ান আইডল ২’। অভিনয়ের ধাপ পেরিয়ে মোনালী গানেও নিজেকে সফল করে তোলেন। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় আসরে সেরা দশে উঠে আসেন কলকাতার এই মেয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি। ওই আসরে মোনালীর গান শুনে বিচারক আনু মালিক বলেছিলেন, প্লেব্যাকে আনুর সুরে গাইবেন মোনালী। হয়েছিল তেমনটাই। সালমান খান-প্রীতি জিনতা-অক্ষয় কুমার অভিনীত জানেমান ছবিতে আনু মালিকের সুর করা ‘কবুল কর লে’ দিয়েই শুরু হয় মোনালীর প্লেব্যাক ক্যারিয়ার।
তবে মোনালী ভারত মাতিয়ে দেন ২০০৮ সালে। রেস ছবির জন্য প্রীতমের সুর করা ‘জারা জারা টাচ মি’ গান দিয়ে। হাটে-ঘাটে-মাঠে ওই বছর শুধু মোনালীর গাওয়া গানটি বাজতে শোনা যায়। একের পর এক প্রস্তাব আসতে থাকে আইটেম গানের কণ্ঠ দেওয়ার জন্য। কিন্তু বিচক্ষণ মোনালী শুধু ‘আইটেম’ হয়ে না থেকে নিজের শাস্ত্রীয় পাঠকেও শ্রোতাদের পর্যন্ত পৌঁছে দেন। ২০১৩ সালে মুক্তি পায় লুটেরা ছবি। সেখানে মোনালী গান ‘সাওয়ার লু’। সেই গানের গায়কী সবাইকে এতটাই মুগ্ধ করে যে মোনালী ঠাকুরের ‘আইটেম’ গানের গায়িকার ট্যাগটি মুছে যায় এক পলকে।
গানের মোনালী লম্বা সময় গানেই নিজেকে সীমাবদ্ধ রেখে ২০১৪ সালে আবারও ফেরেন অভিনয়ে। গুণী নির্মাতা নাগেশ কুকনুরের ছবি লক্ষ্মীতে অভিনয় করেন নাম ভূমিকায়। আর তা দিয়েই জিতে নেন কয়েকটি সেরা পুরস্কার। তবে বড় পর্দায় অভিনয়ের শুরুটা কিন্তু মোনালী বাংলা ছবি দিয়েই করেছিলেন। তাঁর প্রথম ছবি ছিল ২০০৭ সালের কৃষ্ণকান্তের উইল। এখনো মোনালীর ব্যস্ততা অভিনয় নিয়েই। কাজ করলেন ম্যাংগো নামের ছবিতে। মাঝে আমিরের পিকে ছবিতেও একঝলক দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু একঝলকে সন্তুষ্ট নন মোনালী। তাই এ বছর আস্ত ম্যাংগো নিয়ে আসছেন বড় পর্দায়। এর ফাঁকে রিয়ালিটি শো দিয়ে নিজের গানের চর্চাকেও জিইয়ে রাখছেন ভবিষ্যতের জন্য। শত হলেও এই গানই তো তাকে এনে দিয়েছে ভারতব্যাপী সাফল্য।
কলকাতার বিভিন্ন পত্রিকা অবলম্বনে