মোহাম্মদ রফির এক পাগল ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহাদুজ্জামান
আহাদুজ্জামান

ঠিক কবে তাঁর প্রেমে পড়েছিলেন মনে নেই। শুধু এটুকু মনে আছে, বাড়িতে বাজানো হতো মারফি রেডিও। ভোরবেলা শুনতেন রেডিও শিলং। সেখানেই বাজত গানগুলো—‘আলগা করো গো খোঁপার বাঁধন’ বা ‘দারদে দিল দারদে জিগার...’। মোহাম্মদ রফির কণ্ঠ পেলেই হলো। ব্যস, অমনি সেখানে চুম্বকের মতো আটকে যেতেন আহাদুজ্জামান। অন্ধ ভক্ত বলতে যা বোঝায়, তার চেয়েও যেন বেশি কিছু।
মোহাম্মদ রফির অসংখ্য গান ফরিদপুরের বাড়িতে নিজের সংগ্রহে রেখেছেন আহাদুজ্জামান। গ্রামোফোন রেকর্ড, ক্যাসেট প্লেয়ারে শুধুই মোহাম্মদ রফির গান। যদি কখনো শুনতেন কারোর কাছে মোহাম্মদ রফির গান আছে, অমনি সেখানে ছুটে যেতেন। ‘শুনো শুনো অ্যায় দুনায়াওয়ালো, বাপুজি কি অমর কাহানি...’—এই গানটার জন্য কত মানুষের দুয়ারে যে ঘুরেছেন তার ঠিক নেই। অবশেষে খোঁজ মেলে, একজন ক্যাসেট ব্যবসায়ীর কাছে নাকি আছে ওই গান। আহাদুজ্জামান বলছিলেন, ‘স্বাধীনতার আগের ঘটনা। গানটা শোনার পর থেকেই রেকর্ড করার জন্য খুঁজতে থাকি। কোথাও পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত এক ব্যক্তির কাছে আছে শুনে গানটি রেকর্ড করতে যাই। আমার কাছ থেকে ওই সময় এক হাজার টাকা নিয়েছিলেন তিনি।’
পাটুয়াটুলীতে গান রেকর্ড করতে গিয়ে এক বিহারির সঙ্গে পরিচয়। শুনলেন, সেখানেও দুর্লভ কিছু গান আছে মোহাম্মদ রফির। মিরপুরে ওই ভদ্রলোকের বাসায় সারা দিন বসে থেকে তাঁর সংগ্রহে যত গান ছিল, সবই রেকর্ড করে নিয়ে আসেন।
আকাশবাণী কলকাতার অনুরোধের আসর অনুষ্ঠানে মোহাম্মদ রফির গান শুনতে নিয়মিত চিঠি লিখতেন। সেই স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘পাঁচ পয়সা দিয়ে চিঠি লিখতাম আকাশবাণী কলকাতার ঠিকানায়। ১০-১২ দিনের মধ্যে পৌঁছাত চিঠি। পরের সাত দিনের মধ্যে কোনো এক দিন শোনাত। একটা গান শুনতে সেকি অপেক্ষা!’
মোহাম্মদ রফিকে এতটাই ভালোবাসেন যে বিয়ের প্রথম রাতেই স্ত্রীর সঙ্গে এটা নিয়ে ঝগড়া লেগে গিয়েছিল, ‘ও রফি সাহেবকে তাচ্ছিল্য করে একটা কথা বলেছিল। রাগে বাসররাতে আমি পুরোটা সময় অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে ছিলাম। পরে ও ক্ষমা চাইলে কথা বলি।’
আকাশবাণী কলকাতা থেকে সেরা শ্রোতার পুরস্কারও পেয়েছেন আহাদুজ্জামান। আর সেটাও মোহাম্মদ রফির গান শোনার জন্য।
১৯৮০ সালের ৩১ জুলাই মোহাম্মদ রফি মারা গেলে তাঁর শোকে তিন দিন কিছুই নাকি মুখে দেননি আহাদুজ্জামান। এখনো মোহাম্মদ রফির মৃত্যুবার্ষিকীতে সারা দিন শুধুই তাঁর গান বাজান।
নিজের মুঠোফোনের প্রোফাইল পিকচারে রফি। মেমোরি কার্ডজুড়ে রফি। আহাদুজ্জামানের জীবনজুড়েই যে আছেন কিংবদন্তিতুল্য এই শিল্পী।