
জমিদার নদের চাঁদের এলাকায় আসে এক বেদে দল। এই দলকে চাঁদের বাড়িতে খেলা দেখানোর জন্য ডাকা হয়। খেলায় বেদে সর্দারের মেয়ে মহুয়াকে দেখে মুগ্ধ হয় নদের চাঁদ। মহুয়ারও ভালো লাগে চাঁদকে। বেদে সর্দার বুঝতে পারে, নদের চাঁদ ও তার মেয়ে মহুয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। ক্ষিপ্ত হয় বেদে সর্দার। করুণ সমাপ্তির দিকে এগিয়ে যায় নদের চাঁদ আর মহুয়ার প্রেমকাহিনি।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মহুয়া পালাটি হলো গতকাল সন্ধ্যায়। মঞ্চে মোড়ক উন্মোচন করা হলো পুনর্মুদ্রিত মৈমনসিংহ গীতিকা বইটির। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজন করেছিল এই প্রকাশনা অনুষ্ঠানের। ‘একই ডালে ছয়টি ফুল আমরা ছয়জনা, আদি ময়মনসিংহ আমরার আসল ঠিকানা’ সম্মেলক গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অমর এই লোকগাথা ১৮টি ভাষায় অনূদিত হয়েছে। ড. দীনেশ চন্দ্র সেন সম্পাদিত পঞ্চদশ শতকের আদি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন কবি-কবিয়ালদের এই সাহিত্যকীর্তি পরিণত হয়েছে অমূল্য সম্পদে। ১৯২৩ সালের ২ নভেম্বর কলকাতা থেকে এই গীতিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। ফোরামের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান। আলোচনা শেষে পরিবেশিত হয় গীতিনৃত্যনাট্য মহুয়া।
সৈয়দ জামিল আহমেদ পেলেন পদক

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে জামিল আহমেদকে দেওয়া হয় ‘সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পদক’। পদক গ্রহণে সহজে রাজি হন না এই মুক্তিযোদ্ধা। শুধু প্রিয় মানুষ সৈয়দ মহিদুল ইসলামের নামে পদক, সে জন্যই প্রত্যাখ্যান করেননি। মহিদুল ইসলামের বিদেহী আত্মার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার নামে পদক নিতে আমার সত্যিই খুব ভালো লাগছে, মানু ভাই!’
গাজী রাকায়েত বলেন, ‘কোনো কিছুই যখন আর ভালো লাগছিল না, তখন আমাকে পুনর্জীবন দিয়েছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। তিনি ছিলেন এক অসাধারণ নাট্যশিক্ষক। শো শেষ হলে মানু ভাই পঞ্চাশ-এক শ টাকা হাতে গুঁজে দিতেন।’
ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৩৯ বছর পূর্তিতে আয়োজিত চার দিনের উৎসবের গতকাল ছিল শেষ দিন। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মহিদুল ইসলামের ছাত্র গাজী রাকায়েত ও মো. বারী। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মন্ত্রী বলেন, ‘আমাদের সময়ে নিজের পেশাকে বিসর্জন দিয়ে কেউ নাটক করতে চাইত না। সেখানে মানুর ধ্যান, জ্ঞান ছিল নাটক। শ্রম-নিষ্ঠা ছাড়া শিল্প হয় না। মানু ছিলেন সেই শ্রম ও নিষ্ঠার বাতিঘর।’
এরপর লোক নাট্যদল মঞ্চস্থ করে কঞ্জুস নাটকটি।