
বই খোলার আগে খোলা হলো সেটার মোড়ক। আনুষ্ঠানিকতা সে জন্যই। ইংরেজি ভাষায় কবিতা লেখেন ভারতের কবি সুদীপ সেন। পেঙ্গুইন র্যা ন্ডম হাউস থেকে প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ইরো টেক্সট। বাংলাদেশেও সেটির মোড়ক উন্মোচন করা হলো। সেখান থেকেই কিছু কবিতা নিবেদন করলেন ঢাকার বন্ধুদের সামনে।
গতকাল রোববার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ছিল ইরো টেক্সট-এর কবিতাসন্ধ্যা। সেখানে উপস্থিত হয়েছিলেন তাঁর বাংলাদেশি বন্ধুরা। শুরুতেই এই কবিকে উপস্থাপন করেন তাঁর বন্ধু কবি আমিনুর রহমান এবং মঞ্চে ডেকে নেন সুদীপকে। ইংরেজিতে লেখা বেশ কিছু কবিতা একে একে পড়ে শোনান সুদীপ সেন। সেগুলো বাংলায় অনুবাদ করে পড়েন আমিনুর রহমান। বাংলা কবিতা ‘চুম্বন’, ‘একটি খালি চিঠি’, ‘আজ রাতে হিরোশিমাকে স্মরণ করে’ কবিতাগুলো পড়ার আগে কবি শোনান সেগুলোর নেপথ্যের কাহিনি। কবিতাগুলো শুনে উষ্ণ করতালি দিয়ে অভিবাদন জানান উপস্থিত শ্রোতারা।
সুদীপ নানা দেশ ঘুরে বেড়ান। বাংলা ও ইংরেজিতে লেখেন। প্রায়ই আসেন এ দেশে। বাংলাদেশে ইংরেজিতে লিখছেন, এমন বেশ কজন তরুণ লেখকের লেখা সম্পাদনা ও অনুবাদ করেছেন বিভিন্ন সময়ে। ২০০০ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছিল তাঁর একটি বাংলা কবিতার বই। গত সন্ধ্যায় স্বরচিত কিছু কবিতা পড়ে শোনান কবি আমিনুর রহমানও। কত্থক-এর আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।