মৌসুমীর 'আমার বাবা'

বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন আশুতোষ সুজন। ছবির নাম আমার বাবা। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। শুটিং শুরু হবে ৩ আগস্ট থেকে। আশুতোষ সুজন জানান, শুটিংয়ের জন্য তাঁরা শিগগিরই রওনা দেবেন পিরোজপুরে। মৌসুমীর অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী ওমর সানি।
আমার বাবা ছবিটি মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে তৈরি। তবে এর একটি অংশজুড়ে থাকবে সমসাময়িক গল্পও। গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, হুচমায়ূন আহমেদের ‘আমার বাবার জুতা’ শিরোনামের একটি ফিচার ও তাঁর মা আয়েশা ফয়েজের লেখা জীবন যেমন বই থেকে অনুপ্রাণিত হয়েই লেখা হয়েছে আমার বাবার গল্প। এ জন্য ওই পরিবারের সদস্যদের সঙ্গে আলাপও করেছেন তিনি। পরিচালক আশুতোষ সুজন জানান, আপাতত দুই দিনের জন্য শুটিং করতে তাঁরা পিরোজপুর যাচ্ছেন। ছবির শুটিং পুরোদমে শুরু হবে সেপ্টেম্বরে। এই দুই দিন মৌসুমীকে নিয়ে বৃষ্টিতে একটি দৃশ্য ধারণ করবেন। ফিরে এসে ছবির অন্য চরিত্রের জন্য শিল্পী নির্বাচনের কাজ চূড়ান্ত করবেন। এ বছরই শুটিং শেষ করতে চান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই মুক্তির পরিকল্পনা আছে আমার বাবা ছবিটি।