মেয়র নাট্যোৎসব বরিশাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বান ডেকেছে মরা গাঙে, খুলতে হবে নাও’ এই স্ল্লোগান নিয়ে ফেডারেশনের আয়োজনে ২০ ডিসেম্বর থেকে মেয়র নাট্যোৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। আট দিনের এই উৎসব বরিশাল নগর থেকে শুরু। বরিশাল অশ্বিনী কুমার হল ও বরিশাল শব্দাবলী স্টুডিও থিয়েটার—এই দুটি মিলনায়তনে একসঙ্গে এই উৎসব চলবে। মেয়র নাট্যোৎসবের আহ্বায়ক সৈয়দ দুলাল। তিনি বললেন, এটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বড় অর্জন। আর বরিশালের নাট্যকর্মীরা যেন ইতিহাস গড়তে যাচ্ছে। তিনি আরও বললেন, এই উৎসবের পুরো অর্থই বরিশাল সিটি করপোরেশনের তহবিল থেকে দেওয়া হচ্ছে। তিনি আশা করেন, পুরো উৎসবে বরিশাল শহর নাট্য নগরে পরিণত হবে। আট দিনের এই উৎসবে বরিশাল ও বরিশালের বাইরের একাধিক দল অংশ নিচ্ছে। উৎসবে মোট ১৫টি নাটক প্রদর্শিত হবে। উৎসবের মধ্যে থাকছে ফেডারেশনের বিভাগীয় সম্মেলন ও নারী নাট্যকর্মী সম্মিলন। ২০ ডিসেম্বর সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সম্মুখে এই উৎসবের উদ্বোধন করবেন নগর পিতা শওকত হোসেন। উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রামেন্দু মজুমদার। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী অতিথি হিসেবে যোগ দেবেন। উদ্বোধনী দিন সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে থাকছে দৃষ্টিপাতের নাটক নাগর আলীর কিস্সা। শব্দাবলী স্টুডি থিয়েটার হলে বসবে নাট্যকর্মীদের মিলনমেলা। ২১ ডিসেম্বর অশ্বিনী কুমার হলে মঞ্চস্থ হবে বরিশাল নাটকের যুদ্ধ এবং যুদ্ধ। একই সময়ে স্টুডিও থিয়েটার হলে শব্দাবলী শিশু থিয়েটার দলের বোলতা নাটকটি পরিবেশিত হবে। উৎসবের তৃতীয় দিন ২২ ডিসেম্বর অশ্বিনী কুমার হলে প্রদর্শিত হবে বজ্রমহন থিয়েটারের এই দেশে এই বেশে নাটকটি। স্টুডি থিয়েটার হলে থাকছে বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটারের ফণা। অশ্বিনী কুমার হলে নাট্যকেন্দ্রের আরজচরিতামৃত ও স্টুডিও থিয়েটার হলে ঝালকাঠি প্রতীক নাট্যগোষ্ঠীর শহীদের শার্ট নাটকটি মঞ্চস্থ হবে ২৩ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর অশ্বিনী কুমার হলে মঞ্চস্থ হবে বরিশাল ন্যাটামের সাইলোক অ্যান্ড সিকোফ্যান্ট, স্টুডিও থিয়েটার হলে আরণ্যক নাট্যদলের হেমলেট। ২৫ ডিসেম্বর অশ্বিনী কুমার হলে প্রদর্শিত হবে বরিশাল শব্দাবলী থিয়েটারের নীল ময়ূরের যৌবন আর স্টুডিও থিয়েটার হলে বরিশাল নাটকের প্রাগৈতিহাসিক। ২৬ ডিসেম্বর অশ্বিনী কুমার হলে বরিশাল খেয়ালীর নাটক, স্টুডিও থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিটের মগজ সমাচার প্রদর্শিত হবে। উৎসবের শেষ দিন ২৭ ডিসেম্বর প্রাঙ্গণেমোর দলের লোকনায়ক অশ্বিনী কুমার হলে এবং স্টুডিও থিয়েটার হলে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ব্রেশটের সিদ্ধান্ত নাটকটি মঞ্চস্থ হবে। এ ছাড়া ২৪ ডিসেম্বর উৎসব চলাকালে ফেডারেশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর থাকছে নারী নাট্যকর্মীদের সম্মিলন। মেয়র উৎসব নিয়ে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘এত দিন নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরাই বিভাগীয় শহরগুলোয় সেখানকার কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরেছেন। এখন থেকে শহরের নগর পিতাও এগিয়ে এলেন। উন্নত বিশ্বের সঙ্গে এবার আমরাও কাঁধ মেলাতে পারলাম।’