মেয়ে নিয়ে বাড়ি ফিরলেন নওশাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল থেকে মেয়ে প্রকৃতি নাজারিনা আহমেদকে নিয়ে বাড়ি ফিরলেন ছোটপর্দার মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরেছেন। রাজধানীর একটি হাসপাতালে গত শুক্রবার রাতে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালের চিকিত্সক লায়লা আরজুমান্দের তত্ত্বাবধানে ছিলেন নওশাবা। মা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে নওশাবা বলেন, ‘এটা আসলে কেমন আনন্দ তা বলে বোঝাতে পারব না। আমি অনেক খুশি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।’ নওশাবা মজা করে আরও বলেন, ‘বলতে পারেন, আগে ছিলাম শুঁয়োপোকা, এখন প্রজাপতি হয়ে গেছি।’ নওশাবা বিয়ে করেন ২০০৩ সালে। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। অরণ্য আনোয়ারের ‘রূপকথা’র পর নূরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দারুণভাবে দর্শক-মন জয় করেছেন তিনি। নাটকের নিয়মিত ব্যস্ততার ফাঁকে তিনি ‘বিনোদনের কারখানা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করছেন। ভিন্নধারার অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে টিভি চ্যানেল একাত্তরে।