মেয়েকে হেয় করায় বাবাকে বকলেন শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

শত ব্যস্ততার মাঝেও সময় বের করে ভক্তদের পেছনে ব্যয়ের চেষ্টা করেন বলিউডের অনেক তারকা। এবার এই তালিকায় নাম লেখালেন ‘আশিকি ২’ তারকা শ্রদ্ধা কাপুর। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের ফাঁকে তিনি দেখা করেন সাত বছর বয়সী এক মেয়ে ভক্ত ও তার বাবার সঙ্গে। শ্রদ্ধার রূপের প্রশংসা করতে গিয়ে নিজের মেয়েকে অসুন্দর বলায় ওই ভক্তের বাবাকে বকাঝকা করে খবরের শিরোনাম হয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের কাজে পুনে যান শ্রদ্ধা কাপুর। একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর এক খুদে ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে চায়। তখন নিজের ভ্যানিটি ভ্যানে ওই ভক্তকে ডেকে নেন শ্রদ্ধা। মেয়েটির সঙ্গে তার বাবাও ছিলেন। তিনি শ্রদ্ধার রূপের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘আমার মেয়েটা আপনার মতো এত সুন্দর না।’ ছোট্ট মেয়েটির সামনেই তাকে নিয়ে এমন মন্তব্য শুনে ভীষণ চটে যান শ্রদ্ধা কাপুর।

অবশ্য রাগ প্রকাশ না করে খুদে ভক্তটিকে উদ্দেশ করে শ্রদ্ধা বলেন, ‘তোমার মুখের হাসিটা অনেক সুন্দর। সব সময় বড় বড় স্বপ্ন দেখবে। নিজের ওপর বিশ্বাস রাখবে। মনে করবে, তুমিই সেরা।’ ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ঘটনার এখানেই শেষ নয়। ভক্তকে ভ্যানিটি ভ্যানে বসিয়ে রেখে তার বাবাকে বাইরে ডেকে নিয়ে যান শ্রদ্ধা। মেয়েকে নিয়ে অশ্রদ্ধাপূর্ণ মন্তব্য করায় তাকে বকাঝকা করেন শ্রদ্ধা। বকুনি দেওয়ার পর মেয়েটির বাবাকে শ্রদ্ধা বলেন, তাঁর এ ধরনের বক্তব্য মেয়েটির বেড়ে ওঠার বয়সটাতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শ্রদ্ধার বকুনি খাওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন মেয়েটির বাবা। এ ঘটনা তাঁকে দারুণভাবে নাড়া দেয়। পরে তিনি শ্রদ্ধার বাবা বলিউডের অভিনেতা শক্তি কাপুর ও মা শিবাঙ্গী কাপুরকে একটি চিঠিও লেখেন। চিঠিতে শ্রদ্ধার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এমন সুন্দর শিক্ষা দেওয়ার জন্য বাবা-মা হিসেবে শক্তি কাপুর ও শিবাঙ্গী কাপুরকে ধন্যবাদও জানান তিনি।