চ্যানেল আইতে আজ দুপুরে দেখানো হবে টেলিছবি ‘পৃথা’। এটি লিখেছেন আছাফুজ্জামান, পরিচালনা করেছেন গীতালী হাসান। এতে অভিনয় করেছেন কুসুম শিকদার। কথা হলো তাঁর সঙ্গে।‘পৃথা’ টেলিছবিটি নিয়ে কিছু বলুন।ছোট্ট শিশু পৃথার মা নেই। একসময় সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানান, তার একমাত্র চিকিৎসা হলো মায়ের স্নেহ-ভালোবাসা। বাবা সব সময় তার দেখাশোনার জন্য বাসায় একজন চিকিৎসক নিয়োগ দেন। আমিই সেই চিকিৎসক। আমি তাকে সুস্থ করে তোলার চেষ্টা করি।টেলিছবিটির কাজ কবে করেছিলেন?মাসখানেক আগে। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করেছি। আর পুরো কাজটা ভালো করার একটা চেষ্টা সবার মধ্যেই ছিল। একটা ঘটনার কথা বলি। নৌকায় ছোট্ট একটা দৃশ্য। মাত্র চার সেকেন্ড। এই দৃশ্যটির কাজ হয়েছিল মানিকগঞ্জের সিঙ্গাইরে। ছোট নদী। সেখানে নৌকায় আমি, তৌকীর আহমেদ আর পৃথা চরিত্রে প্রেরণা। নৌকায় আমরা ছিলাম সাড়ে তিন ঘণ্টা। তখন ভরদুপুর। মনে হচ্ছিল, শরীর পুড়ে যাচ্ছে।প্রেরণার সঙ্গে কাজ করতে কেমন লেগেছে?আমি কিন্তু অনেক বাচ্চার সঙ্গেই নাটকে কাজ করেছি। কিন্তু এবার একেবারে নতুন অভিজ্ঞতা হলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় বড় সংলাপ প্রেরণা একেবারে নির্ভুলভাবে বলে গেল। দাঁড়ি, কমা পর্যন্ত ঠিক ছিল! ওর জন্য কোনো শট দ্বিতীয়বার নিতে হয়নি। পাঁচ-ছয় বছরের একটা মেয়ের অভিনয়দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে। শুটিংয়ের সময় সবাই খুব অবাক হয়েছি। এনটিভিতে তো আপনার ‘আষাঢ়ে গল্প’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।এখন এই ধারাবাহিকটির কাজ চলছে। গত বুধবার তো শুটিংয়ের সময় দারুণ মজা হয়েছে। হাসপাতালের বিছানায় মোশাররফ করিম শুয়ে আছেন। তাঁর মুখে অক্সিজেনের মাস্ক। ইশারা দিয়ে সবকিছু বোঝানোর চেষ্টা করেন। তাঁর এই ইশারা দেওয়া নিয়ে প্রায় ঘণ্টাখানেক শুধুই হাসাহাসি হয়েছে। এ সময় কাজ একেবারে বন্ধ ছিল।আরটিভির ‘সে আমার একলা পাখি’ ধারাবাহিকের খবর কী?নাটকে বাবা একদিন বাসায় একটি ছেলেকে সঙ্গে নিয়ে আসে। কয়েক দিন পর বুঝতে পারি, অদ্ভুত কিছু মানুষ এসে তার খোঁজ জানতে চাইছে। একসময় বাসায় পুলিশ আসে। আমরা জানতে পারি, ছেলেটি গোপন অপরাধজগতের সঙ্গে জড়িত। এতটুকু পর্যন্ত কাজ করেছি। এটি লিখেছেন ফেরদৌস হাসান। তাই সংলাপগুলোও চমৎকার।