মেয়েদের নৃত্যে গর্বিত বাবা
জুহুর বাড়িতে ঝনক ঝনক শব্দ হলেই আমার স্বামী ধরমজি (ধর্মেন্দ্র) বিরক্ত হতেন। তিনি চাইতেন না যে দুই মেয়ে নাচ শিখুক। কিন্তু এখন মঞ্চে দুই মেয়ে নৃত্য পরিবেশন করলেই মুখে হাসি উঠে আর গর্বে বুক ভরে যায় তাঁর। বরং এখন তিনিই প্রেরণা জোগায় দুই মেয়েকে। জুহুতে নাচের মহড়া চলার সময়ই বেশ খুশি হয়ে কথাগুলো বলছিলেন বলিউডের ড্রিমগার্লখ্যাত অভিনেত্রী হেমামালিনী। নৃত্যশিল্পী প্রয়াত মা জয়া চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১৩ নভেম্বর মুম্বাইয়ে ‘জয়াস্মৃতি’ নামে একটি নাচের অনুষ্ঠান করেন হেমা। সঙ্গে অবশ্য থাকেন দুই মেয়ে এষা ও অহনা। এবারও হচ্ছে ওই অনুষ্ঠান। তারই শেষ মহড়া দিতে কোমর বেঁধে সবাইকে পরিচালনা করছিলেন তিনি। এবারের অনুষ্ঠানে থাকছে কথক, ওডিশি, কথাকলি ও মনিপুরী। হেমামালিনী বলেন, ‘আমি ও আমার দুই মেয়ে ছাড়াও অনুষ্ঠানে থাকবে কলকাতার কয়েকজন শিল্পী।’ নানির কথা বলতে গিয়ে এষা দেওল বলেন, ‘নানি দারুণ একজন নৃত্যশল্পী ছিলেন। অবশ্য মেজাজটা ছিল বেশ কড়া। নাচে ভুল করার কোনো সুযোগ নেই। এখন বড্ড বেশি মনে পড়ে নানিকে। নানি চাইতেন মা যেন আমাদের নাচ শেখান।’ এষা ও অহনার কথার জের টেনে হেমামালিনী হাসতে হাসতে বললেন, প্রথম প্রথম ধরমজি (ধর্মেন্দ্র) বেশ বিরক্ত প্রকাশ করতেন। মেয়েরা নাচ শিখুক তা মেনে নিতে কষ্ট হতো তাঁর। তারপর সবকিছুই বদলে যায়। এখন তো ধরমজিই নিজেই এ অনুষ্ঠানের প্রেরণাদাতা। সব অনুষ্ঠানে থাকতে পারেন না ঠিকই। আর সবচেয়ে বড় কথা দুই মেয়ের নাচ দেখে বেশ উপভোগ করেন ধরমজি।